সঞ্চয়ের টাকা নিরাপদে রেখে নির্দিষ্ট হারে আয় করতে অনেকেই স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ভরসা করেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের কাছে এটি বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। সেই গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি এফডির সুদের হার সংশোধন করেছে দেশের সাতটি ব্যাঙ্ক। তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক।
কোন ব্যাঙ্কে কত সুদ?
– বিজ্ঞাপন –
প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক অফ বরোদার বিশেষ ৫৫৫ দিনের এফডি প্রকল্পে প্রবীণ নাগরিকেরা সর্বোচ্চ ৭.৩৫ শতাংশ সুদ পেতে পারেন। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দু’বছর থেকে তিন বছরের কম মেয়াদের আমানতে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.২৫ শতাংশ।
অন্য দিকে, ফেডারেল ব্যাঙ্কের নির্বাচিত মেয়াদের আমানতে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সর্বোচ্চ ৭.৪০ শতাংশ। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্কের নির্দিষ্ট প্রকল্পে অতি প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.৫০ শতাংশ।
এফডি করার আগে কোন বিষয়গুলি দেখবেন?
মনে রাখতে হবে, সব গ্রাহক বা সব মেয়াদের আমানতে একই সুদ পাওয়া যায় না। সুদের হার নির্ভর করে ব্যাঙ্ক, জমার পরিমাণ, আমানতের মেয়াদ এবং গ্রাহকের বয়সের উপর। সাধারণত প্রবীণ নাগরিকেরা সাধারণ গ্রাহকদের তুলনায় অতিরিক্ত সুদ পান।
বিজ্ঞাপন
তাই শুধু সর্বোচ্চ সুদের হার দেখেই এফডিতে টাকা রাখা ঠিক নয়। বিনিয়োগের আগে নির্দিষ্ট মেয়াদে প্রযোজ্য সুদের হার, মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নেওয়ার শর্ত এবং অন্যান্য নিয়ম ভালো করে যাচাই করা প্রয়োজন।
উল্লেখ্য, সাতটি ব্যাঙ্ক সুদের হার সংশোধন করলেও প্রত্যেকটির ক্ষেত্রে নতুন হারের বিস্তারিত তথ্য এক নয়। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট বা শাখা থেকে সর্বশেষ সুদের হার নিশ্চিত করে নেওয়া উচিত।
