খবর অনলাইন ডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস গড়লেন লক্ষ্য সেন। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে জাপান মাস্টার্সের খেতাব জিতলেন তিনি। রবিবার ফাইনালে জাপানের কোকি ওয়াতানাবেকে ১৩-২১, ২১-১৮, ২১-১৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের ১৩ নম্বর ভারতীয় তারকা। বিশ্বের ১৫ নম্বর ওয়াতানাবের বিরুদ্ধে এই জয় লক্ষ্যকে টানা দ্বিতীয় মাস্টার্স খেতাব এনে দিল।
ফাইনালের শুরুটা অবশ্য ভাল হয়নি লক্ষ্যের। প্রথম গেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওয়াতানাবে। ভারতীয় তারকা ছন্দ খুঁজে পাওয়ার আগেই ৬-১ ব্যবধানে এগিয়ে যান জাপানের খেলোয়াড়। লক্ষ্য ব্যবধান কমিয়ে ৬-৮ করলেও একাধিক ভুলের সুযোগ নিয়ে ওয়াতানাবে ১৮-১২ ব্যবধানে এগিয়ে যান। শেষ পর্যন্ত ১৩-২১ ব্যবধানে প্রথম গেম হারতে হয় লক্ষ্যকে।
– বিজ্ঞাপন –
দ্বিতীয় গেমে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতীয় তারকাকে। শুরুতেই ৫-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। লক্ষ্যের দুর্দান্ত নেট প্লে সামলাতে বেশ বেগ পেতে হয় ওয়াতানাবেকে। যদিও একসময় ১০-১৯ ব্যবধানে পিছিয়ে থেকেও টানা সাত পয়েন্ট জিতে ব্যবধান ১৭-১৯ করে ফেলেন জাপানি খেলোয়াড়। তবে শেষ মুহূর্তে চাপ সামলে ২১-১৮ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান লক্ষ্য।
নির্ণায়ক তৃতীয় গেমে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান ভারতীয় শাটলার। ৩-৩ থেকে দ্রুত ৯-৬ ব্যবধানে এগিয়ে যান তিনি। এরপর একের পর এক পয়েন্ট জিতে ব্যবধান বাড়িয়ে করেন ১৬-৭। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিও ওয়াতানাবেকে ম্যাচে ফেরাতে পারেনি। শেষপর্যন্ত ২১-১৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে খেতাব নিশ্চিত করেন লক্ষ্য। দু’জনের লড়াই চলে ১ ঘণ্টা ৪ মিনিট।
বিশ্বক্রমতালিকায় উঠে এলেন ছয় নম্বরে
এই জয়ের ফলে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করলেন লক্ষ্য। মরসুমের শেষের এই প্রতিযোগিতায় যোগ দিতে বিশ্বক্রমতালিকার প্রথম আটে থাকতে হয়। জাপান মাস্টার্সের আগে ৬৪,৯৮০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন হয়ে আরও ৯,২০০ পয়েন্ট পাওয়ায় তাঁর মোট পয়েন্ট বেড়ে হয়েছে ৭৪,১৮০। ফলে উঠে এসেছেন ছয় নম্বরে।
তবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেলা এখনও নিশ্চিত নয় লক্ষ্যের। আগামী মঙ্গলবার যোগ্যতা অর্জনের সরকারি পয়েন্ট তালিকা প্রকাশ করবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। ১৭ থেকে ২২ নভেম্বর আয়োজিত হংকং ওপেনের পর চূড়ান্ত হবে যোগ্যতা অর্জনের হিসাব। ওই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জায়গা করে নেওয়ার ছাড়পত্র পেয়ে যাবেন ভারতীয় তারকা।
