খবর অনলাইন ডেস্ক: অসুস্থতার কারণে সাময়িক বিরতি নেওয়ার পর ফের ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সেটে ফিরলেন অমিতাভ বচ্চন। জনপ্রিয় এই অনুষ্ঠানটির নতুন পর্বের অপেক্ষায় ছিলেন দর্শকরা। নির্মাতাদের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, বেশ চনমনে মেজাজেই সেটে প্রবেশ করছেন বলিউডের এই মহাতারকা।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই প্রচারমূলক ভিডিওতে অমিতাভকে বেশ উদ্যমের সঙ্গে ‘কেবিসি’র সেটে ছুটে আসতে দেখা গিয়েছে। অনুষ্ঠানের এক প্রতিযোগী তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি এখন আগের চেয়ে ভাল আছেন কি না, তা-ও জানতে চান। নিজের চিরপরিচিত রসবোধের পরিচয় দিয়ে অমিতাভ অবশ্য উল্টে প্রতিযোগীরই শারীরিক অবস্থার কথা জানতে চান।
– বিজ্ঞাপন –
প্রতিযোগী নিজেকে সুস্থ বলে জানালে অমিতাভ মজার ছলে বলেন, “আপনি ভাল থাকলে আমরাও ভাল আছি।” তাঁর এই কথায় হাসির রোল ওঠে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে। সাম্প্রতিক সময়ে কাজ ও সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার পর অভিনেতার এই বক্তব্যে কিছুটা স্বস্তি পেয়েছেন অনুরাগীরাও।
অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অমিতাভ। পাশাপাশি প্রচারমূলক ভিডিওতে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে তাঁকে।
ভিডিওটি প্রকাশ করে অনুষ্ঠানের নির্মাতারা জানিয়েছেন, ১৬ নভেম্বর থেকে ‘কেবিসি’র নতুন পর্ব সম্প্রচার শুরু হবে। তাঁদের বার্তায় বলা হয়েছে, অমিতাভ বচ্চনের সঞ্চালনায় আবারও জমে উঠবে হট সিট। থাকবে নতুন প্রশ্ন এবং প্রতিযোগীদের নতুন স্বপ্নপূরণের সুযোগ।
উল্লেখ্য, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন পর্ব সম্প্রচার সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৮৪ বছর বয়সি অমিতাভ ঋতু পরিবর্তনের কারণে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই তাঁকে কিছুদিন কাজ থেকে বিরতি নিতে হয়েছিল।
বিজ্ঞাপন
তবে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৬ নভেম্বর, সোমবার রাত ৯টা থেকে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভে সম্প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন পর্ব।
আরও পড়ুন: অসুস্থ অমিতাভ বচ্চন, এক সপ্তাহ ধরে বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র শুটিং
