
এই খবরে বলা হচ্ছে- বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেশ কয়েকজন নিয়মিত শিল্পী জানিয়েছেন, তারা গত পাঁচ মাস ধরে অনুষ্ঠানে অংশ নিলেও সম্মানী পাচ্ছেন না। সোনালী ব্যাংকের রামপুরা শাখা থেকে ইস্যু হওয়া চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় বাউন্স হচ্ছে।
মানবজমিনের হাতে আসা পাঁচটি বাউন্স চেক যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। শিল্পীরা অভিযোগ করেছেন, পাঁচশ থেকে এক হাজার টাকার চেকও নগদায়ন হচ্ছে না। বিষয়টি বিটিভির মাসিক সভায় আলোচিত হলেও সমাধান হয়নি।
বিটিভি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি মারাত্মক অর্থ সংকটে পড়েছে। জ্বালানি ঘাটতির কারণে অতিথিদের যাতায়াতের গাড়িও চালানো যাচ্ছে না। কর্মকর্তারা বলছেন, শিল্পীদের পারিশ্রমিকের বরাদ্দ অন্য খাতে ব্যয় হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতি ও অনিয়মকে এই আর্থিক অস্থিরতার মূল কারণ হিসেবে দায়ী করছেন অনেকে।


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনাল এখনো পুরোপুরি চালু হয়নি, কারণ জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা চুক্তি চূড়ান্ত হয়নি। প্রায় দুই বছর ধরে আলোচনা চললেও রাজস্ব ভাগাভাগি নিয়ে অচলাবস্থা রয়েছে।
অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, আগামী দুই বছর টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সরকার বলছে, এর মাধ্যমে বিমান নিজস্ব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। তবে এতে ক্ষুব্ধ হয়েছে জাপানি কনসোর্টিয়াম, যারা এখন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায় চুক্তি সইয়ের আগে।
এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেয়ার প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দর ও বন্দর উভয় ক্ষেত্রেই বিদেশি অপারেটরের ওপর নির্ভর না করে দেশের নিজস্ব সক্ষমতা গড়ে তোলা জরুরি, অন্যথায় সার্বভৌমত্ব ও কর্মসংস্থানে ঝুঁকি তৈরি হতে পারে।

গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনও চাকরিতে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, আদালত মামলার শুনানির তারিখ পিছিয়ে ২৩ ও ২৪ নভেম্বর নির্ধারণ করেছে।
এর আগে ৮ অক্টোবর এসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২২ অক্টোবর তাদের আদালতে হাজির করা হয় এবং ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আগে জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর কেউ নির্বাচনে অংশ নিতে বা সরকারি চাকরিতে থাকতে পারবেন না।

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামী- দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখনো কোনো জোটে না গেলেও, আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে উভয় দলের দিকেই দরজা খোলা রেখেছে তারা।
দলীয় প্রতীক ও জুলাই জাতীয় সনদের আইনি জটিলতা কাটলে এনসিপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে নামবে বলে জানিয়েছে দলটির নেতারা। ইতোমধ্যে দেড় শতাধিক আসনের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাই সনদ নিয়ে বিএনপি-জামায়াতবিরোধী নয়টি দলের তৃতীয় জোট গঠনের আলোচনা এখন আর নেই। তবে এনসিপি ও বিএনপির মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ এবং আসন সমঝোতার আলাপ চলমান রয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথবাহিনী প্রধান জেনারেল সাহির শামশাদ মির্জা। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসাথে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয়।
অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে উঠেছে, যা রোধে আন্তর্জাতিক উদ্যোগ দরকার।
জেনারেল মির্জা জানান, করাচি-চট্টগ্রাম সমুদ্র রুট চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথও চালু হবে। উভয়পক্ষই ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে ভবিষ্যতে অংশীদারিত্ব বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপি। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে দলটি। অনেক আসনে পাঁচ থেকে দশজন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী মাঠে কাজ করায় নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
এ অবস্থায় ভার্চুয়ালি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার গুলশানে দলের পাঁচ বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়, আজ সোমবার বাকি পাঁচ বিভাগের নেতাদের সঙ্গে বসবেন তিনি। দলীয় সূত্র জানায়, জনপ্রিয়তা যাচাইয়ে জরিপ, মতামত সংগ্রহ ও একাধিক দফা বৈঠকের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিএনপি।

নির্বাচনী জোট গঠন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করতে হবে— গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এমন সংশোধনের বিরোধিতা করেছে বিএনপি। দলটি এ বিষয়ে আপত্তি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে।
বিএনপির দাবি, জোটের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ গণতান্ত্রিক অধিকার, যার পূর্ব নজিরও রয়েছে। তারা প্রশ্ন তুলেছে, কোনো রাজনৈতিক দল এমন সংশোধন চায়নি, তবুও কেন আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করা হলো।
বৈঠক শেষে বিএনপি নেতা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, সংশোধনীটি গ্রহণযোগ্য নয় এবং সরকার আগেও প্রতিশ্রুতি দিয়েছিল এটি পরিবর্তন করা হবে না। কিন্তু এখন হঠাৎ এমন সিদ্ধান্তে দলটি বিস্মিত।

অন্তর্বর্তী সরকার বিচারব্যবস্থায় সংস্কার আনতে কয়েকটি ঔপনিবেশিক আমলের আইন পরিবর্তন করেছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন না হলে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়।
২৩ অক্টোবর সরকার প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫–এর খসড়ার অনুমোদন দিলেও, আমলাতন্ত্রের আপত্তির কারণে এর বাস্তবায়নে দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খসড়াটি এখন অর্থ ও জনপ্রশাসন উপদেষ্টাদের মতামতের অপেক্ষায় আছে। এরপর এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
আইন বিশেষজ্ঞরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, খসড়াটি প্রকাশ করে এর কাঠামো ও কার্যপ্রণালী বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা জজ আমিরুল ইসলাম জানান, খসড়ায় আইন ও বিচার বিভাগে ৭৫ শতাংশ পদ, বিচারকদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব রয়েছে, যার মধ্যে আছে আইনসচিবের পদও।
তবে প্রশাসনিক কর্মকর্তারা এর বিরোধিতা করছেন।
তিনি আরও জানান, খসড়ায় প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বাজেট নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকলেও, অর্থ মন্ত্রণালয় এতে আপত্তি জানিয়েছে এবং বাজেট নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়।
হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মো. মুয়াজ্জেম হোসেন বলেন, প্রধান বিচারপতির রোডম্যাপে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা এখনো অর্জিত হয়নি- কারণ সুপ্রিম কোর্ট সচিবালয় এখনো গঠন হয়নি।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Rally behind the chosen or face consequences, মনোনয়ন প্রাপ্তদের সাথে দাঁড়ান নতুবা ফল ভোগ করতে হবে, দলের তৃণমূল নেতাদের এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে তিনি বলেন, নির্বাচনের আগে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং সিদ্ধান্ত থেকে বিচ্যুত হওয়া যাবে না।
তিনি আরও নির্দেশ দেন, যেসব আসনে জোটের স্বার্থে বিএনপি প্রার্থী দিচ্ছে না, সেসব আসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নিতে নেতারা ও তাদের সমর্থকরা জড়ো হলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এই খবরে বলা হচ্ছে- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে থাকে, ফলে দ্রুত কমে যায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের সময় রিজার্ভ নেমে আসে ২৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।
তবে গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ডলার বাজার স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয়, যেমন মিথ্যা ইনভয়েসিং বন্ধ, হুন্ডি রোধ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং বিদেশি ঋণ ছাড়ের উদ্যোগ। এসব পদক্ষেপে ধীরে ধীরে রিজার্ভ বাড়তে শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। অর্থাৎ ১৪ মাসে বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, বাজার মনিটরিং ও রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে, যা দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে।
