প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপির পোস্টার ঘিরে বিতর্ক চলছে। স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া পোস্টারে অপশব্দ লেখা এবং অন্যান্য সংগঠন সম্পর্কে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ দুই পড়ুয়াকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। সেই ‘শাস্তি’ প্রত্যাহারের দাবি জানিয়ে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিলেন বহিষ্কৃত পড়ুয়া গায়েত্রী পাল।
জানা গিয়েছে, গায়েত্রী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর কোর্স শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি ছিল। তার মধ্যেই পোস্টার বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। গায়েত্রীর দাবি, গোটা ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কেবল দূরে দাঁড়িয়ে এক প্রাক্তনীকে সঙ্গ দিয়েছিলেন। তাঁর প্রশ্ন, কেন বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাঁকে? এর আগে ডিন অফ স্টুডেন্টসকে পাঠানো চিঠিতে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা, সিসিটিভি ফুটেজ না দেখানো এবং আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছিলেন গায়েত্রী। তদন্ত কমিটির সিদ্ধান্ত ও শাস্তির নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি সংশ্লিষ্ট নথি প্রকাশের দাবিও জানিয়েছিলেন তিনি। একই দাবি জানিয়েছিল আরও এক বহিষ্কৃত পড়ুয়া (প্রাক্তনী) অলিভিয়া বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র পোস্টারে অশালীন শব্দ লিখে প্রতিবাদের অভিযোগ ওঠে অলিভিয়া এবং গায়েত্রীর বিরুদ্ধে। সেই পোস্টারেই স্বামী বিবেকানন্দের ছবিও ছিল। অভিযোগ, ‘ধর্ষক’–এর মতো শব্দও সেখানে ব্যবহার করা হয়েছিল। এরপরই দুই ছাত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, অলিভিয়া এদিন স্বীকার করে নিয়েছেন যে, তিনি পোস্টারে অপশব্দ লিখেছিলেন। তবে তাঁর দাবি, তিনি কোনও ভাবেই বিবেকানন্দকে অপমান করেননি। ওই শব্দের ব্যবহার করা হয়েছিল এবিভিপির উদ্দেশে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
