রবিবার ‘দাদার দরবার’-এ ঘটে গিয়েছে এক অভাবনীয় ঘটনা। এক মুহূর্তে পালটে গেল বিগ বস বাংলার অন্দরের সমীকরণ। ভাঙল সবথেকে জনপ্রিয় ‘রাজনন্দিনী’ জুটি! সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘোষণায় বিগ বসের ঘর থেকে যখন ‘বিদায়’ নিচ্ছেন নন্দিনী দত্ত, তখন প্রেমিকা চোখের আড়াল হতেই কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে। নন্দিনীকে পাঠানো হয়েছে সিক্রেট রুমে। সেখান থেকেই এখন তিনি নজর রাখছেন বাকি প্রতিযোগীদের ওপর। তবে গল্পের আসল টুইস্ট লুকিয়ে রয়েছে বাইরের দুনিয়ায়!

বিগ বসের ঘরে রাজবীর এবং নন্দিনীর প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তাঁদের রসায়ন বরাবরই দর্শকদের নজর কেড়েছে। রবিবার যখন সৌরভ গঙ্গোপাধ্যায় এলিমিনেশনের নাম ঘোষণা করেন, তখন তা কিছুতেই মেনে নিতে পারেননি রাজবীর। বারবার অনুরোধ করতে থাকেন, যাতে নন্দিনীকে কোনও উপায়ে রেখে দেওয়া হয়। কিন্তু দর্শকের রায় তো মানতেই হবে। এরপর হাউহাউ করে কেঁদে ফেলেন রাজবীর। বাড়ি থেকে বেরোনোর ঠিক আগেই রাজবীরকে একটি বিশেষ কথা দিয়েছিলেন নন্দিনী। কথা দিয়েছিলেন, বাইরে গিয়ে প্রেমিককে জেতানোর জন্য বিপুল ভোট দেবেন তিনি। রাজবীরও তখন প্রবল আবেগপ্রবণ। কাঁদতে কাঁদতে নন্দিনীকে কোলে তুলে সোজা গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন তিনি। সকলের সামনেই জ্যাকেট চাপা দিয়ে প্রেমিকাকে গভীর চুমুও খান। দু’জনেই একে অপরের সঙ্গে ঠিক কতটা জুড়ে রয়েছেন, তা রবিবারের এপিসোডেই স্পষ্ট হয়েছে।

কী ঘটেছে?

এখন প্রশ্ন হল, সিক্রেট রুমে বন্দি থাকায় নন্দিনীর কাছে স্বভাবতই কোনও ফোন পৌঁছয়নি। তাহলে প্রেমিকের কাছে দেওয়া প্রতিশ্রুতি তিনি রাখবেন কীভাবে? ঠিক এখানেই আসরে নেমেছেন নন্দিনীর বাবা-মা! মেয়ের দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাঁরা। নন্দিনীর ফোন-সহ আরও অনেক মোবাইল থেকে তাঁরা রাজবীরকে ঢেলে ভোট দিয়েছেন। সোশাল মিডিয়ার রাজবীরকে ভোট দেওয়ার ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, খাবার নষ্ট করার অপরাধে বিগ বস নিজে রাজবীরকে টানা দু’সপ্তাহের জন্য নমিনেট করেছেন। পাশাপাশি, এই সপ্তাহে ঘরের অন্যান্য সদস্যদের ভোটে নমিনেটেড হয়েছেন রণিতা, তনুশ্রী এবং সৃজলা। ফলে রাজবীরের মাথার ওপর এমনিতেই বিদায়ের খাঁড়া ঝুলছে।

এই কঠিন সময়ে রাজবীরের জন্য একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছে নন্দিনীর পরিবার। সিক্রেট রুমে বসে গোটা খেলাটাই এখন চুটিয়ে উপভোগ করছেন নন্দিনী। নীল আলো জ্বললে খাবার নিচ্ছেন, আর সবুজ আলো জ্বললে বিগ বসের কথা শুনছেন। পাশাপাশি দেখছেন কীভাবে তাঁর অবর্তমানে ঘরের পরিস্থিতি বদলাচ্ছে। রাজবীর ভাবছেন তাঁর প্রেমিকা হয়তো বাইরে গিয়ে তাঁর জন্য দিনরাত এক করে দিচ্ছেন। তিনি কখনও ঘুণাক্ষরেও টের পাননি যে, নন্দিনী রয়েছেন তাঁর খুব কাছেই! আর বাইরে তাঁর হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন খোদ নন্দিনীর বাবা-মা। সব মিলিয়ে বিগ বসের খেলা এখন চরম পর্যায়ে। এখন দেখার, সিক্রেট রুম থেকে কবে রাজবীরের কাছে ফিরে আসেন নন্দিনী, আর তাঁদের এই ভালোবাসার গল্প আগামী দিনে ঠিক কোন মোড় নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *