কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় উৎসবের আমেজ থাকে তুঙ্গে। বারাসত ও নৈহাটির পুজো দেখতে যেমন দূরদূরান্ত থেকে মানুষ আসেন, তেমনই মধ্যমগ্রাম, নিউ বারাকপুর ও শ্যামনগরের মণ্ডপগুলিতেও দর্শনার্থীদের ভিড় জমে। রাত পর্যন্ত চলে প্রতিমা দর্শন। ফলে শেষ রাতের যাতায়াতের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়ে। সেই কথা মাথায় রেখেই শিয়ালদহ শাখায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চার দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১২টি বিশেষ ট্রেন চলবে। শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট ও বারাকপুরের পাশাপাশি বারাসত থেকে বনগাঁ এবং হাসনাবাদ রুটেও এই পরিষেবা মিলবে।
– বিজ্ঞাপন –
কোন রুটে কখন ছাড়বে ট্রেন? পূর্ব রেলের দেওয়া সূচি অনুযায়ী, আপ লাইনে শিয়ালদহ থেকে ডানকুনির ট্রেন ছাড়বে রাত ১১টায়। শিয়ালদহ-বারাকপুর লোকাল রাত ১২টা ৩০ মিনিটে, শিয়ালদহ-রানাঘাট রাত ১২টা ৪০ মিনিটে এবং শিয়ালদহ-বারাসত রাত ১২টা ৫০ মিনিটে ছাড়বে। বারাসত থেকে হাসনাবাদগামী ট্রেনের সময় রাত ১টা ১০ মিনিট। বারাসত-বনগাঁ লোকাল ছাড়বে রাত ১টা ৫০ মিনিটে।
ডাউন লাইনে ডানকুনি থেকে শিয়ালদহের ট্রেন ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। রানাঘাট থেকে শিয়ালদহগামী লোকাল রাত ১১টা ৪৫ মিনিটে, বারাসত থেকে শিয়ালদহ রাত ১টা ১০ মিনিটে এবং বারাকপুর থেকে শিয়ালদহ রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। বনগাঁ-বারাসত ট্রেনের সময় রাত ১১টা এবং হাসনাবাদ-বারাসত ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে।
বিশেষ ট্রেনগুলির ক্ষেত্রে প্রতিটি স্টেশনেই স্টপেজ থাকবে। কোনও ট্রেন গ্যালপিং করবে না বলে জানিয়েছে রেল। তবে বিশেষ পরিষেবার জন্য নৈহাটি জংশনের প্ল্যাটফর্ম ব্যবস্থায় সাময়িক বদল আনা হচ্ছে। ৮ থেকে ১১ নভেম্বর প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলবে।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, আলোর উৎসবে যাত্রীদের আনন্দ ও সুরক্ষার কথা ভেবেই রাত পর্যন্ত ট্রেন চালানোর এই ব্যবস্থা। তাই কালীপুজোয় নৈহাটি বা আশপাশের এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলে ফেরার ট্রেনের সময় এবং নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্ম পরিবর্তনের বিষয়টি আগে থেকে জেনে নেওয়া ভাল।
