বিজ্ঞানী হেনরি কাগান এবং কেনসো সোয়াই ২০২৬ সালের নোবেল পুরস্কার পেলেন রসায়নে। অসমমিত জৈব সংশ্লেষণে (asymmetric organic synthesis) নন-লিনিয়ার প্রভাব এবং অটোক্যাটালিসিস আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা।
নোবেল সপ্তাহে রসায়নের নোবেল পুরস্কার সাধারণত তৃতীয় পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞান এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।
– বিজ্ঞাপন –
রসায়নে নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, “এ বছরের পুরস্কারটি মৌলিক রসায়ন নিয়ে। অনেক অণু দুই ধরনের রূপে থাকে। যেমন আমার দুই হাত। তারা একে অপরের আয়নার প্রতিবিম্বের মতো দেখতে হলেও এক নয়। আমি একটি হাতের ওপর আরেকটি হাত এমনভাবে রাখতে পারি না যাতে দুটিই পুরোপুরি মিলে যায়। এই ধরনের অণুকে ‘কাইরাল’ (chiral) বলা হয়। গ্রিক ভাষায় ‘কাইরাল’ শব্দের অর্থ হাত।”
সুইডিশ উদ্ভাবক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেল-এর উইল অনুযায়ী এই পুরস্কার চালু করা হয়েছিল। বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের জন্য ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তবে বিশ্বযুদ্ধের সময়সহ কয়েকটি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়নি।
পেশায় রসায়নবিদ আলফ্রেড নোবেল ১৯ শতকে তাঁর বিভিন্ন আবিষ্কার থেকে বিপুল সম্পদ অর্জন করেন। এসব আবিষ্কারের অনেকগুলিই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট।
অর্থনীতিতে নোবেল পুরস্কারটি পরে চালু হয়। এটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পদার্থবিজ্ঞান, সাহিত্য বা শান্তিতে পাওয়া নোবেল পুরস্কারের তুলনায় রসায়নের পুরস্কার অনেক সময় কম আলোচিত হলেও, এই পুরস্কারের মাধ্যমে পরমাণু বিভাজন (নিউক্লিয়ার ফিশন) এবং জিনের সিকোয়েন্স নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ আবিষ্কারও স্বীকৃতি পেয়েছে।
গত বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর ইয়াগি। ধাতু ও জৈব অণুর সমন্বয়ে তৈরি বিশেষ কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) তৈরির উন্নয়নের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছিল। এই ধরনের আণবিক কাঠামো জলবায়ু পরিবর্তন এবং বিশুদ্ধ পানির সংকটের মতো সমস্যা মোকাবিলায় কাজে লাগতে পারে।
নোবেলজয়ী বিজ্ঞানীরা আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে স্টকহোমে তাঁদের পদক গ্রহণ করবেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর স্টকহোম সিটি হলে আয়োজন করা হবে জাঁকজমকপূর্ণ নৈশভোজ।
নোবেলজয়ীরা মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) অর্থমূল্যের পুরস্কার ভাগ করে নেবেন। পাশাপাশি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান পুরস্কার জয়ের স্বীকৃতিও তাঁরা পাবেন।
নোবেল শান্তি পুরস্কারটি একমাত্র নোবেল পুরস্কার, যা সুইডেনে নয়, নরওয়ের অসলোতে আলাদাভাবে প্রদান করা হয়।
