মোহনবাগান: ১ (লি আরউইন) নর্থইস্ট ইউনাইটেড: (এথিয়ান গঞ্জালেজ)
খবর অনলাইন ডেস্ক: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করল মোহনবাগান। এই ফলের পরেও গোলপার্থক্যে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠল সবুজ-মেরুন। একই সঙ্গে শেষ চারের টিকিট নিশ্চিত করল নর্থইস্টও।
– বিজ্ঞাপন –
প্রথমার্ধ গোলশূন্য
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহনবাগান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি তারা। ৯ মিনিটে লি আরউইনের চিপ অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
গোল করে এগোল মোহনবাগান
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন মোহনবাগান কোচ পানাজিয়োটিস দিমপেরিস। মিগুয়েল ফিগুয়েরা ও জেমি ম্যাকলারেন মাঠে নামার পরই বদলে যায় ম্যাচের ছবি। ৪৯ মিনিটে ম্যাকলারেনের হেড থেকে পাওয়া বলে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লি আরউইন। সবুজ-মেরুন জার্সিতে প্রথম দুই ম্যাচেই গোল পেলেন তিনি।

ম্যাচের একটি মুহূর্ত।
এর পর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহনবাগান। দ্রাজিচের শট নর্থইস্টের থইবা সিংহের হাতে লাগায় পেনাল্টি পায় বাগান। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি মিগুয়েল। তাঁর দুর্বল শট আটকে দেন নর্থইস্টের গোলরক্ষক দীপেশ চৌহান।
বিজ্ঞাপন
সমতা ফেরাল নর্থইস্ট
পেনাল্টি মিসের মাত্র দু’মিনিট পরেই সমতায় ফেরে নর্থইস্ট। দ্রুত আক্রমণ থেকে গোল করে ১-১ করেন এথিয়ান গঞ্জালেজ। শেষ দিকে জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায় মোহনবাগান। মিগুয়েলের শটও ভালভাবে রুখে দেন দীপেশ। শেষপর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় বাগানকে।
ম্যাচের মাঝেই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছাড়েন ম্যাকলারেন। তাঁর চোটও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান শিবিরে। ৪ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে গ্রুপের শীর্ষে মোহনবাগান, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় নর্থইস্ট। সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে ইস্টবেঙ্গল অথবা পঞ্জাব এফসি।
ছবি: সঞ্জয় হাজরা
