মাঝে আর একটা সপ্তাহ। তারপরই সেই মহা-ম্যাচ। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের। নিঃসন্দেহে বলে দেওয়া যায়, ভারতীয় ফুটবল দল নিজেদের ইতিহাসে এত বড় ম্যাচ খেলেনি আজ পর্যন্ত।
একটা সময় এশিয়ান গেমস বা অলিম্পিকের মতো প্রতিযোগিতায় নিয়মিত খেলত ভারত। তৎকালীন ফুটবল বিশ্বের অন্যতম নামী দল ফ্রান্স বা যুগোশ্লাভিয়ার মুখোমুখিও হয়েছেন আনোয়ার আলি, আপুইয়াদের ফুটবল-পূর্বসূরিরা। আবার এশিয়ান গেমসে ইরান, দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ান-জায়ান্টদের টেক্কা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বাস্তবে।
আরও পড়ুন:
সাম্প্রতিক সময়ে ব্রাজিল-উরুগুয়ের মতো ফুটবলগ্রহের প্রথম সারির দেশগুলির সঙ্গে খেলার নজির তেমন নেই ভারতের।
তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিল-উরুগুয়ের মতো ফুটবলগ্রহের প্রথম সারির দেশগুলির সঙ্গে খেলার নজির তেমন নেই ভারতের। কিন্তু এবারের ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো একেবারেই অন্যরকম যাচ্ছে ভারতের। পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিলের বিরুদ্ধে ভারত খেলছে, দু’বারের বিশ্বজয়ী ও দু’বারের অলিম্পিকজয়ী উরুগুয়ের বিরুদ্ধে ভারত খেলছে–এ যে এত দিন কল্পনার অতীত ছিল!

গত শুক্রবারই বেঙ্গালুরুতে ভারত মুখোমুখি হয়েছিল সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামার। কান্তিরাভা স্টেডিয়ামে যে ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। তার রেশ কাটার আগেই এবার ব্রাজিলের মুখোমুখি হবে কোচ খালিদ জামিলের দল। যে ম্যাচ খেলার জন্য ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসের মতো মহাতারকাদের নিয়ে আসছে ব্রাজিল। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে যাঁরা খেলতে নামবেন!
অবশ্য শুধু ব্রাজিল নয়, ৬ অক্টোবর ভারত লড়বে আর এক বিশ্বজয়ী দেশ উরুগুয়ের বিরুদ্ধে। লাতিন দেশটির অধিনায়ক ফেডেরিকো ভালভার্দে চোটের জন্য ছিটকে গিয়েছেন বটে। তবে ডারউইন নুনেজ, ম্যাক্সমিলিয়ানো আরাউহো, রোনাল্ড আরাউহো, ফাকুন্দো পেলেস্ত্রি, রডরিগো বেন্টাঙ্কুরদের নিয়েই আসছে উরুগুয়ে। যাদের রিজার্ভ বেঞ্চে বসছেন মহাতারকা কোচ দিয়েগো ফোরলান।

ব্রাজিল আর উরুগুয়ে–দু’টো ম্যাচই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। অতীতে নেহরু কাপের জন্য এই মাঠে খেলে গিয়েছিলেন আর্জেন্টিনার একঝাঁক ফুটবলার, যাঁরা পরবর্তীতে চ্যাম্পিয়ন হন ১৯৮৬ বিশ্বকাপে। অলিভার কান, টমাস মুলার, আলেসান্দ্রো দেল পিয়েরো, মার্কো মাতেরাজ্জি, রবার্তো কার্লোস, লুসিও, ফ্লোরেন্ত মালুদা, নিকোলাস আনেলকা, ফিল ফোডেনের মতো তারকাদেরও দেখেছে এই মাঠ। কিন্তু এত দিন যা হয়েছে, সবই ছুটকো-ছাটকা ভাবে। লাতিন আমেরিকার দুই বিশ্বজয়ী দেশ কলকাতায় এসে পরপর খেলে যাচ্ছে, স্বাধীনতাত্তোর ভারতবর্ষে কখনও হয়নি।
এবার ব্রাজিল আর উরুগুয়েকে স্বাগত জানাতে নতুন রূপে সেজে উঠছে যুবভারতী। ইতিমধ্যেই রংয়ের পোঁচ পড়েছে স্টেডিয়ামের দেওয়ালে। প্রথমবার স্টেডিয়ামের প্রত্যেক আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। অর্থাৎ, আগের মতো শুধু কোনও একটা জোনের নয়, এই দুই ম্যাচে দর্শকরা কাটতে পারবেন নির্দিষ্ট আসনের টিকিট। দর্শকদের দুর্দান্ত অভিজ্ঞতা উপহার দিতে নতুন করে সাজানো হয়েছে র্যাম্প, শৌচাগার। গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও।

এ তো গেল মাঠের বাইরের পর্ব। মাঠের ভিতরেও বদল হয়েছে। ব্রাজিলের বিশেষজ্ঞদের দেখানো পথে মাঠের ঘাসের মান উন্নত করেছেন যুবভারতীর কর্মীরা। সঙ্গে বদল হয়েছে স্টেডিয়ামের ভিতরে থাকা একজোড়া ট্রেনিং গ্রাউন্ডেও। যেখানে ভারতীয় তারকাদের পাশাপাশি অনুশীলন সারবেন ভিনিসিয়াস-নুনেজরা। যা খবর, মূল মাঠ এবং ট্রেনিং গ্রাউন্ডের মানে সন্তুষ্ট ব্রাজিলের বিশেষজ্ঞরা। প্রতিক্ষেত্রেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সবমিলিয়ে, বিশ্ব ফুটবলের তারকাদের বরণ করে নিতে প্রায় প্রস্তুত ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠতম স্টেডিয়াম। দুর্গাপুজোর ঠিক আগে। ফুটবল-পুজো সম্পন্ন করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
