পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়। এশিয়ান গেমসে মহিলাদের টেবল টেনিসের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বাংলার দুই প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস। তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করেন শ্রীজা আকুলা।
আইচি-নাগোয়ার স্কাই হল টয়োটায় সোমবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কোর্টে নামেন সুতীর্থা। আলিনা খানের বিরুদ্ধে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন তিনি। পরপর তিন গেমে ১১-৩, ১১-৩, ১১-৪ ব্যবধানে ম্যাচ জিতে ভারতকে ১-০ এগিয়ে দেন সুতীর্থা।
– বিজ্ঞাপন –
দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে নামেন বাংলার সিন্ড্রেলা দাস। কালসুম খানের বিরুদ্ধে তিনিও কোনও সুযোগ দেননি। ১১-৬, ১১-৭, ১১-৫ গেমে জয় পান সিন্ড্রেলা। ফলে ভারত ম্যাচ জয়ের খুব কাছে পৌঁছে যায়।
তৃতীয় ম্যাচে শ্রীজা আকুলা মুখোমুখি হন ফাতিমা খানের। সেখানেও ভারতের আধিপত্য অব্যাহত থাকে। ১১-৪, ১১-৪, ১১-৫ গেমে জিতে ম্যাচের ফয়সালা করে দেন শ্রীজা। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই জয় ভারতের গ্রুপ পর্বের টানা তৃতীয় জয়। এর আগে ইন্দোনেশিয়াকে ৩-০ এবং সিঙ্গাপুরকে ৩-২ হারিয়েছিল ভারতীয় মহিলা দল। পাকিস্তানের বিরুদ্ধে জয় নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষস্থান নিশ্চিত করে ভারত কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।
বিশেষ নজর কেড়েছেন বাংলার দুই প্যাডলার সুতীর্থা ও সিন্ড্রেলা। পাকিস্তানের বিরুদ্ধে দু’জনেই নিজেদের ম্যাচ সরাসরি তিন গেমে জিতে ভারতকে এগিয়ে দেন। ফলে এশিয়ান গেমসের মঞ্চে বাংলার দুই কন্যার পারফরম্যান্সও হয়ে উঠল দিনের অন্যতম আকর্ষণ।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের পরস্পরের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।
এ বার ভারতের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল পেরিয়ে পদকের লড়াইয়ে আরও এগিয়ে যাওয়া।
