২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। কিন্তু এখনও অলিম্পিকের স্থায়ী খেলাগুলির তালিকায় জায়গা হয়নি ক্রিকেটের। সেই কারণেই এখনই জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পরে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করে দেন, ক্রিকেটের নাম তালিকাভুক্ত খেলায় উঠলেই নতুন ক্রীড়ানীতির আওতায় আসবে বিসিসিআই। তাঁর কথায়, “জাতীয় ক্রীড়ানীতি নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি শেষ হওয়ার পরে তালিকাভুক্ত খেলাগুলির মধ্যে ক্রিকেট জায়গা পেলেই বিসিসিআই নতুন ক্রীড়ানীতির আওতায় চলে আসবে। তার আগে আমাদের কিছু করার নেই।”
আরও পড়ুন:
আরটিআই আইন নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে বোর্ড। সাইকিয়ার মতে, ক্রিকেটকে কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনও অনুদান দেওয়া হয় না। বরং ক্রিকেটের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ আয়কর পায়। তাই বিসিসিআই আরটিআই আইনের আওতায় পড়বে না বলেই মনে করছে বোর্ড। সাইকিয়ার কথায়, “সরকারি নোটিফিকেশন জারি হলেই নতুন ক্রীড়ানীতির নিয়ম মেনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। আমরা প্রতি বছর সরকারকে প্রায় ৩০০০ কোটি টাকা আয়কর দিই। সরকারের কাছ থেকে কোনও অনুদান নিই না। যে খেলাগুলি সরকারি অনুদান পায়, তারা আরটিআই আইনের আওতায় পড়বে। আমরা সেই আওতায় পড়ি না।”
এই বিষয়ে ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেখানেই বোর্ড তাদের অবস্থান স্পষ্ট করবে বলে জানিয়েছেন সচিব। সাইকিয়া জানান, নতুন ক্রীড়ানীতি কার্যকর হওয়ার পর প্রয়োজনীয় সরকারি নোটিফিকেশন জারি হলে এবং ক্রিকেট তালিকাভুক্ত খেলায় জায়গা পেলে তখনই সেই নীতি অনুযায়ী পদক্ষেপ করবে বিসিসিআই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
