৩৪তম জাতীয় সাঁতারে হচ্ছে রেকর্ডের ছড়াছড়ি। তিন দিনে হয়েছে ১৫টি নতুন জাতীয় রেকর্ড। বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার অবশ্য তৃতীয় দিনে রেকর্ড গড়তে পারেননি। তারপরও মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট শেষে সবার দৃষ্টি কেড়ে নিলেন অভিজ্ঞ এই সাঁতারু। সেটি অবশ্য সেরা হওয়ার জন্য নয়, সাঁতার শেষ হতেই জাতীয় সুইমিং কমপ্লেক্সের নীল জলে রোমানাকে সন্তানকে নিয়ে উদযাপনে মাততে দেখে। মায়ের সাফল্য উদযাপনে চার বছরের ছোট্ট ফালাক সুইমিংয়ের পোশাক পরে ঝাঁপিয়ে পড়লেন পুলে। মাকে জড়িয়ে ধরে সে কী উল্লাস। মা-মেয়ের এ উদযাপন কিছু সময়ের জন্য কেড়ে নিয়েছিল সব আলো। তবে আগের দিনের মতো বুধবার তৃতীয় দিনেও সাফল্যের আলোয় উদ্ভাসিত হলেন সামিউল ইসলাম রাফি। আগের চারটির সঙ্গে বুধবার নিজের করে নিলেন আরও তিনটি (দুটি ব্যক্তিগত ও একটি দলগত) জাতীয় নতুন রেকর্ড। তৃতীয় দিনে হয়েছে মোট তিনটি রেকর্ড। আজ পর্দা নামবে আসরের।

তৃতীয় দিনে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে তিনি ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ইভেন্টে মোট ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে নতুন রেকর্ড গড়েন। এ দিন বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪দ্ধ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। অন্যদিকে, নারীদের ৪দ্ধ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করে।

সাঁতারে দুবছর ধরে নিয়মিত হয়েছেন এ সময়ের সেরা সাঁতারু রোমানা। ২০১৯ সালের পর গত বছর জাতীয় সাঁতারে ২টি এবং এই বছর জিতেছেন দুটি নতুন রেকর্ডসহ ৫টি স্বর্ণপদক। ২০২০ সালে বিয়ে হয় তার। পরের বছর কোল আলো করে আসে কন্যাসন্তান। ২০২২ সালে মিশনে যাওয়ার কারণে অনিয়মিত হয়ে পড়েন। ২০২৩ সালের শেষে দেশে ফেরেন তিনি। এরপর শুরু হয় তার ফেরার লড়াই। শেষ দুই বছরে ৭ স্বর্ণ জিতে নিজেকে ফিরে পেয়েছেন নৌবাহিনীর সাঁতারু, ‘নানা কারণেই একটা বড় বিরতি এসেছিল আমার ক্যারিয়ারে। গত বছর থেকে নিয়মিত হয়েছি। গত বছর দুটি স্বর্ণ জিতেছিলাম রেকর্ড গড়ে। এবার পাঁচটি জিতেছি, যার মধ্যে দুটি রেকর্ড আছে।’ নীল পুলে নিজে ক্যারিয়ার গড়লেও রোমানার মেয়েকে এই অঙ্গনে আনার ইচ্ছে নেই। তবে যতদিন পারেন ক্যারিয়ারটাকে লম্বা করতে চান।  

এদিকে, আজ ওয়াটার পোলোর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক জিতেছে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয়। এছাড়া বিকেএসপি ৩টি স্বর্ণ, সমান রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে আছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *