
মেক্সিকোয় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইন্ডি রক ব্যান্ড কামিলো সেপ্তিমো-র কিবোর্ডশিল্পী ও প্রতিষ্ঠাতা সদস্য জোনাথন মেলেন্দেজ। তার সঙ্গে খুন হয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পাউলা, তিন বছরের মেয়ে সোফিয়া এবং পরিবারের ২১ বছর বয়সী গৃহকর্মী আলেইদা রোমেরো ভিকতোরিও।
হত্যাকাণ্ডে পরিবারের পোষা কুকুরটিও মারা গেছে বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।
স্থানীয় সময় গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় মেক্সিকো সিটির কাছের অভিজাত আবাসিক এলাকা আতিজাপান দে সারাগোসায় নিজেদের অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে জোনাথনের ছয় বছর বয়সী ছেলেকেও পাওয়া যায়। তবে সে অক্ষত অবস্থায় বেঁচে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের কয়েকজনের হাত বাঁধা ছিল এবং তাদের শরীরে গুলির আঘাত পাওয়া যায়। তদন্তে এরই মধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর পুলিশ। তাদের একজন ডিয়েগো সেবাস্তিয়ান ‘এন’- জোনাথনের ব্যবসায়িক অংশীদার।
তদন্তকারীদের ধারণা, পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে তিনি ওই বাসায় প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
ঘটনার পর মেক্সিকোয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোনাথনের ব্যান্ড কামিলো সেপ্তিমো সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছে, তারা প্রিয় সহকর্মী ও তার পরিবারের সদস্যদের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, জোনাথন, তার স্ত্রী ও মেয়েকে তারা চিরকাল হৃদয়ে ধারণ করবে। তার জীবন, সংগীত ও সৃজনশীল অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডটি আরও জানায়, যারা জোনাথনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা তাকে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।
মাত্র ৩৮ বছর বয়সী জোনাথন মেলেন্দেজ মেক্সিকোর ইন্ডি রক সংগীতে পরিচিত মুখ ছিলেন। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে। একই ঘটনায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী, ছোট্ট মেয়ে ও পরিবারের কর্মীর প্রাণহানি এই হত্যাকাণ্ডকে আরও মর্মান্তিক করে তুলেছে।
এদিকে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের পেছনে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, তা খতিয়ে দেখছে মেক্সিকোর স্টেট প্রসিকিউটর অফিস। মারকারি নিউজ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
