চীনের সর্বোচ্চ সামরিক কমান্ড সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি) থেকে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
অপসারিত দুই কর্মকর্তা হলেন সিএমসির ভাইস চেয়ারম্যান ও চীনের প্রভাবশালী পলিটব্যুরোর সদস্য ঝাং ইউশিয়া এবং সিএমসির সদস্য ও জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান লিউ ঝেনলি।
তাদের অপসারণের ফলে আগে সাত সদস্যের সিএমসিতে বর্তমানে সক্রিয় সদস্য রয়েছেন মাত্র দুজন। তাদের একজন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রের পৃথক সেন্ট্রাল মিলিটারি কমিশন কাঠামো থাকলেও কার্যত দুটি একই প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। শুক্রবারের ঘোষণা জাতীয় পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধীনে রাষ্ট্রীয় সিএমসিতে ঝাং ও লিউয়ের পদ নিয়ে। তবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সিএমসি থেকে তাদের আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়ার ঘোষণা এখনও দেওয়া হয়নি।
চীনের সামরিক বাহিনী প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০১২ সালে শুরু করা ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। কয়েক বছর ধরে চলা এই অভিযানে বহু জ্যেষ্ঠ কর্মকর্তা ও শীর্ষ জেনারেলের বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং অনেকে পদ হারিয়েছেন।
গত জুলাইয়েও শি জিনপিং কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সামরিক বাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
এদিকে চীনের পার্লামেন্ট শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রতিনিধিদের হালনাগাদ তালিকা প্রকাশ করে। সেখানে ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির নামের পাশাপাশি আরও ১০ জন আইনপ্রণেতার নাম বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টের আসনও হারিয়েছেন।
অপসারিতদের তালিকায় সিএমসির জেনারেল অফিসের সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ঝং শাওজুন এবং সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল জু চিয়ানশেংও রয়েছেন।
এ ছাড়া দক্ষিণ চীনের নানচাং শহরের সাবেক মেয়র গাও শিওয়েনের নামও তালিকায় রয়েছে। তিনি এর আগে রাষ্ট্রীয় মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনে কাজ করেছেন।
অন্যদিকে বুধবার চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থা ঝাও জংছির সদস্যপদ বাতিল করেছে। তিনি ২০২০ সালে চীন-ভারত সীমান্ত সংঘাতের সময় চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার ছিলেন।
