কলকাতা: জনগণনার কাজে কোনও গৃহ বাদ যাবে না। বাড়ি বা ফ্ল্যাট বন্ধ থাকলেও কিংবা গণনাকর্মীরা যাওয়ার সময় গৃহস্থ বাড়িতে না থাকলেও ফের সেখানে যাবেন তাঁরা। নাগরিকদের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে বাড়ির দরজায় বিশেষ স্টিকার দিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক নিখিল পবন কল্যাণ জানান, গণনাকর্মীরা বাড়িতে গিয়ে যদি কাউকে না পান, তাহলে দরজায় স্টিকার লাগিয়ে যাবেন। ওই স্টিকারে থাকা তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট গণনাকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাড়ির বাসিন্দারা।

– বিজ্ঞাপন –

জনগণনার প্রথম ধাপে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক পরিবার স্ব-গণনা বা ‘সেলফ এনুমারেশন’ সম্পন্ন করেছে। সরকারি হিসাবে, ৫৩ লক্ষেরও বেশি পরিবার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে। নিখিল পবন কল্যাণের দাবি, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সর্বাধিক পরিবার স্ব-গণনা নথিভুক্ত করেছে। রাজ্যের আনুমানিক মোট পরিবারের প্রায় এক-চতুর্থাংশ এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে।

অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে ৯৩.৮৪ শতাংশ নাগরিক সফল ভাবে অনলাইনে গণনার কাজ সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন গণনা আধিকারিক।

এর পর ১৬ অগস্ট থেকে শুরু হয়েছে জনগণনার দ্বিতীয় ধাপ—গৃহ তালিকাভুক্তিকরণ বা ‘হাউস লিস্টিং’। এই পর্যায়ে গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে।

শুধু বসতবাড়িই নয়, বাণিজ্যিক কাজে ব্যবহৃত ঘর বা ভবনও এই পর্যায়ের গণনায় অন্তর্ভুক্ত করা হবে। সেই অনুযায়ী বাণিজ্যিকভাবে ব্যবহৃত জায়গার জন্য পৃথক প্রশ্নাবলিও প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

এই বিশাল কর্মযজ্ঞে রাজ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজার এনুমারেটর এবং ৩০ হাজার সুপারভাইজার কাজ করছেন। প্রত্যেক এনুমারেটরকে আনুমানিক ১৫০ থেকে ২০০টি পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে।

গণনাকর্মীদের কাজে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন গণনা আধিকারিকরা। কোনও পরিবার ভুল করে একই বাড়িতে বসবাসকারী একাধিক পৃথক পরিবারকে একটি ‘হাউসহোল্ড’ হিসেবে উল্লেখ করলেও পরে তা সংশোধনের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

গণনা সংক্রান্ত সমস্যার সমাধানে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮৫৫-ও চালু করা হয়েছে।

ফলে বাড়ি বন্ধ থাকা, গৃহস্থের অনুপস্থিতি কিংবা তথ্য নথিভুক্তির ক্ষেত্রে কোনও সমস্যা হলেও তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। গণনাকর্মীরা প্রয়োজনে ফের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং নাগরিকদের সঙ্গে যোগাযোগের জন্য দরজায় স্টিকার রেখে যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *