বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। যার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার ​রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, বরখাস্ত করেছেন প্রশাসককে।

কমলাপুর স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলা, পরিচ্ছন্নতার নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগে প্রশাসক শফি কামাল স্বপ্নিলকে সাময়িক বরখাস্ত করেছেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখতে পান। তীব্র গরমের মধ্যে উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখেন।

আমিনুল জানান, প্রায় দুমাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছেন। তবে সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোন অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

​স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথা বলেছেন।

স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করার জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান করেন প্রতিমন্ত্রী আমিনুল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *