ভারতের মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ২০২৭-২৮ অর্থবর্ষের (FY28) শুরুতেই দেশে পলিমার (Polymer) নোট চালু করার আশা প্রকাশ করেছেন RBI গভর্নর Sanjay Malhotra

বুধবার (৫ আগস্ট) মুদ্রানীতি ঘোষণার পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিভিন্ন পরিবেশ ও ব্যবহারিক পরিস্থিতিতে পলিমার নোটের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। তাঁর কথায়, “পলিমার নোটের স্থায়িত্ব বেশি, আয়ুও দীর্ঘ।”

– বিজ্ঞাপন –

প্রথমে ১০ ও ২০ টাকার নোটে পরীক্ষামূলক প্রয়োগ

এর আগে ১৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছিল, RBI খুব শিগগিরই পলিমার নোটের প্রথম পরীক্ষামূলক (Pilot) প্রকল্প শুরু করতে চলেছে। সূত্রের দাবি, প্রাথমিকভাবে ১০ টাকা এবং ২০ টাকার নোটে এই পাইলট প্রকল্প চালানো হতে পারে।

পরীক্ষার ফল ইতিবাচক হলে ২০২৭ সাল থেকে ধাপে ধাপে বৃহত্তর পরিসরে পলিমার নোট চালুর পরিকল্পনা রয়েছে।

কাগজের নোট বন্ধ হচ্ছে না

RBI স্পষ্ট করেছে, পলিমার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত কাগজের নোট তুলে নেওয়া হবে না। বরং কাগজের নোট ও পলিমার নোট—দু’টিই একসঙ্গে চলবে। ধাপে ধাপে নতুন নোট বাজারে আসবে, আর পুরনো কাগজের নোটও স্বাভাবিক নিয়মে প্রচলনে থাকবে।

কেন পলিমার নোট?

পলিমার নোট সাধারণ কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই। এগুলি সহজে ছিঁড়ে যায় না, জল বা আর্দ্রতায় কম ক্ষতিগ্রস্ত হয় এবং ময়লা ও দৈনন্দিন ব্যবহারের ক্ষয়ক্ষতিও অনেক কম হয়। ফলে দীর্ঘদিন পর্যন্ত প্রচলনে রাখা সম্ভব।

বিজ্ঞাপন

এছাড়া পলিমার নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য (Security Features) যুক্ত করা যায়, যা জাল নোট তৈরি রুখতে আরও কার্যকর বলে মনে করা হয়।

আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান

পলিমার নোট তৈরির প্রস্তুতির অংশ হিসেবে RBI-র নোট মুদ্রণকারী সংস্থা ইতিমধ্যেই বিশেষ ধরনের পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে Expression of Interest (EOI) আহ্বান করেছে।

দরপত্র অনুযায়ী, এমন পলিমার শিট চাওয়া হয়েছে যাতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে এবং নোটের স্থায়িত্বও বাড়বে। এই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট

বিশ্বের বহু দেশেই চলছে পলিমার নোট

বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ড-সহ একাধিক দেশ পলিমার নোট ব্যবহার করছে। দীর্ঘস্থায়িত্ব, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং জালিয়াতি রোধে কার্যকারিতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের নোট জনপ্রিয় হয়ে উঠেছে।

ভারতেও সেই পথেই এগোতে চাইছে RBI। তবে নতুন নোট চালুর আগে পাইলট প্রকল্পের ফলাফল এবং প্রয়োজনীয় মূল্যায়নের উপরই নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *