মোহনবাগান সুপার জায়ান্ট: ৮ (মনবীর সিংহ ৩ হ্যাটট্রিক, সুহেল ভাট ২, আলবার্তো রদ্রিগেজ, রাহুল ভেকে, নোয়েল এস আত্মঘাতী)  

সাউথ ইউনাইটেড এফসি: ০

– বিজ্ঞাপন –

খবর অনলাইন ডেস্ক: ডুরান্ড কাপে একতরফা আধিপত্যের প্রদর্শন করল মোহনবাগান সুপার জায়ান্ট। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ৮-০ গোলের বিশাল জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও দাপট দেখাল সবুজ-মেরুন শিবির। মনবীর সিং হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। পাশাপাশি পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করেন সুহেল ভাট। একটি করে গোল করেন আলবার্তো রদ্রিগেজ ও রাহুল ভেকে। অপর গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে। সাহাল আবদুল সামাদ তিনটি অ্যাসিস্ট করে আক্রমণের মূল কারিগর ছিলেন।

প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুন জিতল ৮-০ গোলে। এই জয়ের ফলে তারা এ বারের ডুরান্ড কাপে নক আউট পর্বে পৌঁছে গেল।

প্রথমার্ধেই ব্যবধান ৪-০   

ম্যাচের শুরু থেকেই সাউথ ইউনাইটেডের ওপর চাপ তৈরি করে মোহনবাগান। চতুর্থ মিনিটেই সাহালের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর সিং। এর পর কর্নার থেকে আলবার্তো রদ্রিগেজ এবং কিছুক্ষণ পর আরেকটি কর্নার থেকেই রাহুল ভেকে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন। প্রথমার্ধের মাঝামাঝি আবারও সাহালের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মনবীর। ফলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান।

ম্যাচের একটি মুহূর্ত।  

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ১টি আত্মঘাতী-সহ আরও ৪

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে পানাজিয়োটিস ডিমপেরিসের দল। ৬০ মিনিটে অনিরুদ্ধ থাপার কর্নার থেকে দুর্দান্ত ডাইভিং হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন মনবীর। এর পর দ্রাজিচের বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার অধিনায়ক নোয়েল এস। ফলে ব্যবধান দাঁড়ায় ৬-০।

ম্যাচের শেষ দিকে পরিবর্ত হিসেবে নেমে সুহেল ভাটও নিজের ছাপ রাখেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সাহাল আবদুল সামাদের থ্রু পাস থেকে প্রথম গোল করেন তিনি। সংযুক্ত সময়ের একেবারে শেষে আরও একটি গোল করে দলের ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তরুণ ফরোয়ার্ড।

ডুরান্ড কাপের মান নিয়ে উঠে গেল প্রশ্ন

পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরির নিরিখে প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেয়নি মোহনবাগান। সাহাল একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বড় হতে পারত। টানা দুই ম্যাচে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই ডুরান্ড কাপে নিজেদের অভিযান এগিয়ে নিয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড।

তবে এই একতরফা ম্যাচ আবারও ডুরান্ড কাপের প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলে দিল। এর আগেই সিআইএসএফের বিরুদ্ধে ৮-০ ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল। দুই প্রধানের এমন সহজ জয় দেখিয়ে দিচ্ছে, শুধুমাত্র দলসংখ্যা বাড়ালেই প্রতিযোগিতার মানোন্নয়ন হয় না। প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচ দর্শকদের জন্য আকর্ষণ হারাচ্ছে এবং দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় ফুটবলের সামগ্রিক মান নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। ছবি: সঞ্জয় হাজরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *