নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করছে। সোমবার সকাল থেকে এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেলের মধ্যেই গভীর নিম্নচাপটি ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার সকাল পর্যন্ত নিম্নচাপটির অবস্থান ছিল পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে, দিঘা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার বালেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্যানিং থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। আবহাওয়াবিদদের মতে, অনুকূল পরিবেশের কারণে এটি দ্রুত আরও শক্তিশালী হচ্ছে।

– বিজ্ঞাপন –

এদিকে রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। এই দুই আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন কোন জেলায় বেশি বৃষ্টি?

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতায় আপাতত অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধবার থেকে কমতে পারে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। আপাতত বুধবারের পর দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

বিজ্ঞাপন

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

নিম্নচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী সমুদ্র এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার পর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত ভারী বৃষ্টি বা ঝড়ের বিশেষ সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *