বেলজিয়াম: ৪ (দে কেটেলার ২, হান্স ভানাকেন, যুক্তরাষ্ট্র: ১ (মালিক টিলম্যান)
খবর অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল বেলজিয়াম। এই হারের ফলে বিশ্বকাপের তিন আয়োজক দেশের শেষ দল হিসাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র।
– বিজ্ঞাপন –
প্রথমার্ধেই কেটেলারের জোড়া গোল
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। নবম মিনিটেই এগিয়ে যায় ইউরোপের দলটি। নিকোলাস রাসকিনের বাড়ানো বল গোলে ঠেলে দেন চার্লস দে কেটেলার।
৩১তম মিনিটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া ফ্রি-কিক বেলজিয়ামের হান্স ভানাকেনের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই লিয়ান্দ্রো ট্রোসারের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে আবার বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস দে কেটেলার।
দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের আরও ২ গোল
দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। দে কেটেলারের চাপে বল হারান ফ্রিস। সেই সুযোগে বল পেয়ে বক্সের বাইরে থেকে সহজ শটে গোল করেন হান্স ভানাকেন।
বিজ্ঞাপন
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু ডান দিক থেকে তীক্ষ্ণ কোণ থেকে নিচু শটে বেলজিয়ামের চতুর্থ গোল করেন। এতে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।
ট্রাম্পের আর্জিতে মার্কিন ফুটবলারের সাজা কমল
পুরো ম্যাচে যুক্তরাষ্ট্র ছিল অনেকটাই নিষ্প্রভ। দলের প্রধান স্ট্রাইকার ফোলারিন বালোগান শুরুর একাদশে ফিরলেও তাকে কার্যকরভাবে খেলতে দেয়নি বেলজিয়ামের রক্ষণভাগ। আগের রাউন্ডে লাল কার্ড দেখায় তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার কাছে সেই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন জানান। পরে ফিফা স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে, ফলে বালোগান এই ম্যাচে খেলতে পারেন। যদিও তিন গোল নিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতা হওয়া সত্ত্বেও এই ম্যাচে তিনি ছিলেন অনেকটাই বিচ্ছিন্ন।
এই জয়ের ফলে আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। শেষ ষোলোর অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে।
