কলকাতা: কুড়িতম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের নলেজ পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেহালা কলেজ। সম্প্রতি ন্যাকের A++ স্বীকৃতি অর্জন করে স্বশাসিত (অটোনোমাস) মর্যাদা পাওয়া এই কলেজের ইতিহাস, ইংরেজি এবং সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা এবারের আন্তর্জাতিক ইতিহাস উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে বেহালা কলেজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয় সাবর্ণ সংগ্রহশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক-অধ্যাপিকারা এবং সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী।
– বিজ্ঞাপন –
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার ক্ষেত্রেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্য সংরক্ষণ এবং তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীদের এই ধরনের আন্তর্জাতিক মানের ইতিহাস উৎসবে অংশগ্রহণ তাঁদের গবেষণামূলক চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলেও মত প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও ঘোষণা করা হয়। জানানো হয়, বেহালা কলেজের উদ্যোগে এবং সাবর্ণ সংগ্রহশালার সহযোগিতায় বেহালা-বড়িশা অঞ্চলের ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্যকে কেন্দ্র করে একটি বহুভাষিক ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে।
উদ্যোক্তাদের বক্তব্য, এই ডিজিটাল ডাটাবেসের মাধ্যমে একদিকে যেমন এলাকার ঐতিহাসিক স্থাপত্যগুলির বিস্তারিত তথ্য সংরক্ষণ ও নথিভুক্ত করা সম্ভব হবে, অন্যদিকে আঞ্চলিক ইতিহাসচর্চা এবং ঐতিহ্যভিত্তিক পর্যটনের প্রসারেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। স্থানীয় ইতিহাসকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রেও এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
