সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি সিনেমাটি দেখার পর ইমতিয়াজ আলি এবং বেদাং রায়নার সঙ্গে দেখা করে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলছেন। ভিডিওটি দ্রুত অনলাইনে বিতর্কের সৃষ্টি করে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুমান করতে শুরু করেন যে, ছবিটির মুক্তিকে ঘিরে প্রচার বাড়ানোর জন্য ওই ব্যক্তিকে ছবির পিআর টিম ভাড়া করেছিল। কেউ কেউ আরও দাবি করেন যে, লোকটি কান্নায় ভেঙে পড়ার সময় বেদাংকে হাসতে দেখা গিয়েছিল, যা বিতর্ককে আরও উসকে দেয়।
তবে ভিডিওতে থাকা ওই ব্যক্তি এক্স-এ এসে স্পষ্ট করেন যে তাঁকে ভাড়া করা হয়নি। যদিও একজন সমাজ মাধ্যমেই এই ভিডিও নিয়ে লেখেন, “প্রথমে বেদাং রায়নার পিআর টিম একজন লোককে ভাড়া করে এবং তাঁকে বলে সিনেমা শেষ হওয়ার পর পরিচালক ও অভিনেতাদের সামনে গিয়ে কাঁদতে। কিন্তু তাঁর অতিরঞ্জিত অভিনয় দেখে বেদাং নিজের হাসি সামলাতে পারেন না এবং হাসতে শুরু করে। এই মজার ক্লিপটি দেখুন।”
এর জবাবে ব্যক্তি টুইট করেন, “আমি সেই লোক। আমাকে ভাড়া করা হয়নি। আর বেদাংও আবেগে ভেসে গিয়েছিল এবং তাঁর চোখেও জল ছিল।” একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দুষ্যন্তকে প্রশ্ন করেন, “’আসলে কে মারা গিয়েছিল?’ এর উত্তরে তিনি লেখেন, ‘আমার দিদা। সিনেমায় যেমন একজন প্রবীণ পরিবারের সদস্যের আলজাইমার্স রয়েছে, আমার দিদারও তেমনই ছিল। খুব বেশি হলে এক মাস হয়েছে… ধন্যবাদ। আমি জানি আপনি ব্যঙ্গ করছিলেন। তবে কোনও সমস্যা নেই।”
লক্ষণীয় শুধু বলিউড নয়, টলিপাড়াতেও পরিচিতদের টিকিট দিয়ে সিনেমা দেখতে পাঠাচ্ছেন প্রযোজকরা এবং তারপর তাঁদের প্রতিক্রিয়া নিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে, ছবির প্রচারের জন্য, এই চল নতুন কিছু নয়। কিন্তু এসব করেও, সিনেমা হলে দর্শক টানা যায় কি? তা নিয়েই আলোচনা শুরু হয়েছে।
