ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে নতুন তিনটি পণ্য নিয়ে এল লাইন অরিজিনালস। সংস্থার নতুন পণ্যগুলির মধ্যে রয়েছে স্টার্টআপ ৭০ টিডব্লিউএস ইয়ারবাড, স্টার্টআপ ৬৮ টিডব্লিউএস ইয়ারবাড এবং স্টার্টআপ ৮০ কার চার্জার।
সংস্থার তরফে জানানো হয়েছে, স্টার্টআপ ৭০ টিডব্লিউএস ইয়ারবাডের দাম রাখা হয়েছে ৬৯৯ টাকা। অন্যদিকে স্টার্টআপ ৬৮ টিডব্লিউএস ইয়ারবাডের দাম ৫৯৯ টাকা এবং স্টার্টআপ ৮০ কার চার্জারের দাম মাত্র ৪৪৯ টাকা।
– বিজ্ঞাপন –
স্টার্টআপ ৭০ টিডব্লিউএস ইয়ারবাডে রয়েছে ত্রিমাত্রিক সাউন্ড সাপোর্ট এবং ৪৭ মিলিসেকেন্ড লো-ল্যাটেন্সি মোড। গেমিং এবং ভিডিও দেখার সময় শব্দ ও ছবির সমন্বয় বজায় রাখতে এই প্রযুক্তি সাহায্য করবে। সংস্থার দাবি, একবার চার্জে এই ইয়ারবাড সর্বোচ্চ ৬০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। এছাড়াও এতে ব্লুটুথ ৫.১ প্রযুক্তি এবং টাইপ-সি চার্জিং পোর্টের সুবিধা রয়েছে। তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে এই ইয়ারবাড।
অন্যদিকে স্টার্টআপ ৬৮ টিডব্লিউএস ইয়ারবাডে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (ইএনসি) প্রযুক্তি, যা কল করার সময় বাইরের শব্দ কমাতে সাহায্য করবে। এছাড়াও এতে রয়েছে কোয়াড সিলিকন মাইক্রোফোন সিস্টেম। অর্থাৎ মোট চারটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, যাতে আরও উন্নত কল কোয়ালিটি পাওয়া যায়।
স্টার্টআপ ৮০ কার চার্জারও বিশেষ আকর্ষণীয়। এই চার্জার ১৪৫ ওয়াট পর্যন্ত ইউনিভার্সাল আউটপুট সাপোর্ট করে। এতে পিডি এবং কিউসি মাল্টি-প্রোটোকল ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। পাশাপাশি ইউএসবি ও টাইপ-সি— দু’ধরনের পোর্টই দেওয়া হয়েছে। বক্সের মধ্যে একটি ইউএসবি-টু-টাইপ-সি কেবলও পাওয়া যাবে।
সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তির সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই নতুন পণ্যগুলি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে লাইন অরিজিনালস।
