বিদেশ ভ্রমণ বা কাজের সূত্রে আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড-সহ বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক ভারতীয়দের জন্য বড় স্বস্তির খবর। ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে এয়ারপোর্ট ট্রানজিট ভিসার বাধ্যবাধকতা তুলে দিল জার্মানি।

৩ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখের মতো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে যেতে আর আলাদা করে ট্রানজিট ভিসা নিতে হবে না ভারতীয় নাগরিকদের।

– বিজ্ঞাপন –

এতদিন জার্মানির বিমানবন্দর হয়ে অন্য দেশে যাত্রা করলে ভারতীয়দের ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হত। এর জন্য অতিরিক্ত নথিপত্র জমা দেওয়া, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং বাড়তি খরচ বহন করতে হতো। ফলে অনেক যাত্রী সস্তা বিমানভাড়া থাকা সত্ত্বেও জার্মানির রুট এড়িয়ে চলতেন।

নতুন নিয়ম চালু হওয়ার ফলে এখন যদি কোনও ভারতীয় যাত্রী ফ্রাঙ্কফুর্ট বা মিউনিখ বিমানবন্দর হয়ে আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড বা অন্য কোনও দেশে যান, তাহলে তাঁকে আর ট্রানজিট ভিসা নিতে হবে না। এতে সময় ও অর্থ— দু’দিক থেকেই সাশ্রয় হবে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে জার্মানির বিমানবন্দরগুলি ভারতীয় যাত্রীদের কাছে আরও জনপ্রিয় ট্রানজিট হাব হয়ে উঠতে পারে। বিশেষ করে যাঁরা ইউরোপ হয়ে উত্তর আমেরিকা বা অন্যান্য গন্তব্যে যাতায়াত করেন, তাঁদের জন্য এটি বড় সুবিধা।

তবে জার্মান সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ট্রানজিট ভিসা তুলে দেওয়া হলেও এর অর্থ এই নয় যে ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞাপন

যাত্রীরা বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করতে পারবেন এবং পরবর্তী ফ্লাইট ধরতে পারবেন। কিন্তু বিমানবন্দরের বাইরে বের হতে চাইলে বা জার্মানিতে প্রবেশ করতে চাইলে প্রয়োজন হবে বৈধ শেনজেন ভিসা। একই নিয়ম প্রযোজ্য জার্মানি গন্তব্য হলে বা অন্য কোনও শেনজেনভুক্ত দেশে ভ্রমণের ক্ষেত্রেও।

নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক যাত্রাপথ পরিকল্পনা আরও সহজ হবে বলে মনে করছেন পর্যটন ও বিমান পরিবহণ বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *