পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBCS ২০২৬ পরীক্ষার সংশোধিত সিলেবাস এবং নতুন পরীক্ষার কাঠামো প্রকাশ করেছে।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত WBCS-এর মাধ্যমে গ্রুপ A, B, C এবং D পদে নিয়োগ করা হয়। নতুন সিলেবাস অনুযায়ী প্রিলিমস, মেনস এবং পার্সোনালিটি টেস্ট— এই তিনটি ধাপে পরীক্ষা হবে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ জুন ২০২৬ WBCS প্রিলিমস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। প্রিলিমসে থাকবে দুটি অবজেক্টিভ টাইপ পেপার— জেনারেল স্টাডিজ পেপার-I এবং পেপার-II। প্রতিটি পেপারে থাকবে ২০০টি এমসিকিউ এবং মোট নম্বর ২০০। তবে পেপার-II শুধুমাত্র কোয়ালিফাইং প্রকৃতির এবং এতে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

প্রিলিমসের সিলেবাসে ইংরেজি কম্পোজিশন, সাধারণ বিজ্ঞান, জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতীয় সংবিধান ও অর্থনীতি, জাতীয় আন্দোলন এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সম্পর্কিত ভূগোল ও অর্থনীতির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মেনস পরীক্ষায় থাকবে মোট ৮টি পেপার। এর মধ্যে ৬টি বাধ্যতামূলক এবং ২টি ঐচ্ছিক বিষয়ভিত্তিক পেপার। গ্রুপ C ও D প্রার্থীদের ক্ষেত্রে ঐচ্ছিক পেপার প্রযোজ্য হবে না। বাধ্যতামূলক বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলা/নেপালি, ইংরেজি, জেনারেল স্টাডিজ-I ও II, ভারতীয় সংবিধান ও অর্থনীতি এবং অঙ্ক ও রিজ়নিং।

কমিশনের তরফে জানানো হয়েছে, ঐচ্ছিক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গণিত, ভূগোল, আইন, কমার্স, কম্পিউটার সায়েন্স-সহ একাধিক বিষয় বেছে নেওয়া যাবে। ঐচ্ছিক পেপারের মান হবে স্নাতক স্তরের।

এ বারও পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। ফলে শুধু পড়াশোনা নয়, পরীক্ষার কৌশল নিয়েও সতর্ক থাকতে হবে পরীক্ষার্থীদের। বিশেষজ্ঞদের মতে, নতুন সিলেবাস অনুযায়ী এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি শুরু করলে প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *