LED Bulb: রাতে সুইচ বন্ধ করার পরেও কি আপনার ঘরের LED বাল্ব হালকা জ্বলে থাকছে বা মিটমিট করছে? অনেকেই একে ভূতুড়ে কাণ্ড ভেবে ভয় পান। কিন্তু এর পেছনে রয়েছে ইলেকট্রিকের একটি সাধারণ সমস্যা, যা অজান্তেই আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

LED Bulb: অনেক বাড়িতেই এই ঘটনাটা ঘটে। রাতে লাইটের সুইচ বন্ধ করে দিয়েছেন, কিন্তু LED বাল্বটা পুরোপুরি নিভছে না, হালকা আলো হয়ে জ্বলে থাকছে বা মাঝে মাঝে মিটমিট করছে। অন্ধকার ঘরে এই আলো দেখে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু এটি ভূতের কাণ্ড নয়, বরং আপনার বাড়ির ওয়্যারিং-এর ভুলের সংকেত। এর প্রধান কারণ হল ভুল ওয়্যারিং।

কী কারণে এই ঘটনা দেখা যায়?

আমাদের বাড়ির সুইচবোর্ডে সাধারণত দু’টি তার থাকে, ফেজ এবং নিউট্রাল। নিয়ম অনুযায়ী ফেজ তারটি সুইচের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যাতে সুইচ বন্ধ করলে কারেন্ট পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অনেক ইলেকট্রিশিয়ান ভুল করে নিউট্রাল তারটি সুইচে লাগিয়ে দেন। ফলে সুইচ বন্ধ করলেও ফেজ তারটি সরাসরি বাল্বের সাথে যুক্ত থাকে। LED বাল্ব খুব কম কারেন্টেও জ্বলতে পারে, তাই ওই সামান্য লিকেজ কারেন্টেই এটি হালকা জ্বলে থাকে। দ্বিতীয় কারণ হতে পারে সুইচে লাগানো ছোট ইন্ডিকেটর বা নাইট ল্যাম্প। অনেক সুইচবোর্ডে অন্ধকারে সুইচ খোঁজার জন্য ছোট আলো থাকে। ওই আলোটি জ্বলার জন্য সামান্য কারেন্ট প্রয়োজন হয়, সেই কারেন্টই LED বাল্বের মধ্যে দিয়ে পাস করে এবং বাল্বটি মিটমিট করে। তৃতীয় কারণ হল ক্যাপাসিটর। LED বাল্বের ভেতরে একটি ছোট ক্যাপাসিটর থাকে যা চার্জ জমা করে রাখে। সুইচ বন্ধ করার পরেও সেই জমা চার্জের কারণে কিছুক্ষণ বাল্বটি জ্বলে থাকতে পারে।

এতে কি বিদ্যুতের বিল বাড়ে? 

হ্যাঁ, সামান্য হলেও বিদ্যুতের বিল বাড়ে। একটি বাল্বে হয়তো খুব কম বিল আসে, কিন্তু বাড়িতে যদি ৫-৬ টি বাল্ব এভাবে সারারাত হালকা জ্বলে থাকে, তাহলে মাসের শেষে ইউনিট বাড়বেই। সবচেয়ে বড় কথা, এটি আর্থিং বা ওয়্যারিং-এর ত্রুটির লক্ষণ, যা থেকে শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকি থাকে। তাই এই সমস্যা দেখা দিলে ফেলে রাখবেন না। একজন ভালো ইলেকট্রিশিয়ানকে ডেকে সুইচবোর্ডের কানেকশন পরীক্ষা করান। ফেজ এবং নিউট্রাল তার সঠিক জায়গায় আছে কিনা দেখে নিন এবং প্রয়োজনে ইন্ডিকেটর সুইচ বদলে সাধারণ সুইচ লাগান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *