NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস কাণ্ডে ফের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো হচ্ছে না।
রাহুল গান্ধী ২০২৪ এবং ২০২৬ সালের NEET প্রশ্নফাঁসের ঘটনার তুলনা টেনে লেখেন, “NEET ২০২৪: প্রশ্নফাঁস হয়েছিল। পরীক্ষা বাতিল হয়নি। মন্ত্রী পদত্যাগ করেননি। CBI তদন্ত শুরু হয়েছিল। কমিটি গঠন হয়েছিল। NEET ২০২৬: প্রশ্নফাঁস হয়েছে। পরীক্ষা বাতিল হয়েছে। মন্ত্রী এখনও পদত্যাগ করেননি। আবার CBI তদন্ত করছে। আবার কমিটি গঠন হবে।”
এরপরই প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, “মোদীজি, দেশের কিছু প্রশ্নের উত্তর দিন। বারবার প্রশ্নফাঁস হচ্ছে কেন? এই পুনরাবৃত্ত ‘পরীক্ষা পে চর্চা’ নিয়ে আপনি নীরব কেন? বারবার ব্যর্থ হওয়া শিক্ষামন্ত্রীকে এখনও বরখাস্ত করা হয়নি কেন?”
গত ৩ মে অনুষ্ঠিত হয়েছিল NEET-UG ২০২৬ পরীক্ষা। পরে তদন্তে উঠে আসে, পরীক্ষার আগেই কিছু প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়েছিল। এরপর মঙ্গলবার সম্পূর্ণ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই ঘটনায় প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী প্রভাবিত হয়েছেন। ২০১৯ সালে NTA পরীক্ষার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম গোটা NEET-UG পরীক্ষা বাতিল করা হল। এর আগে ২০২৪ সালে নম্বর বিভ্রাটের কারণে ১,৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য আংশিক পুনঃপরীক্ষা নেওয়া হয়েছিল।
এদিকে তদন্তে নেমে শনিবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে CBI। ধৃতের নাম মনীষা গুরুণাথ মন্ধারে। তিনি মহারাষ্ট্রের পুণের এক সিনিয়র বোটানি শিক্ষিকা। তদন্তকারীদের দাবি, জীববিজ্ঞানের প্রশ্নফাঁসের অন্যতম উৎস ছিলেন তিনি।
CBI জানিয়েছে, মনীষা মন্ধারে NEET-UG ২০২৬ পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং NTA তাঁকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। সেই সূত্রেই বোটানি ও জুলজি প্রশ্নপত্রে তাঁর অ্যাক্সেস ছিল।
এর আগেও NEET প্রশ্নফাঁস বিতর্কে আত্মহত্যার ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের এক ২১ বছরের ছাত্রীর আত্মহত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, “এই তরুণ-তরুণীরা পরীক্ষার কাছে হারেনি, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কাছে বলি হয়েছে। এটা আত্মহত্যা নয়, সিস্টেমের খুন।”
