কলকাতা: পশ্চিমবঙ্গে সব রকম খেলাধুলায় পরিকাঠামোর উন্নতির দিকে নজর দেওয়া এবং বিভিন্ন সম্মানে সম্মানিত কৃতী খেলোয়াড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আশ্বাস দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ময়দানে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে ক্রীড়াসাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়ামন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের সরকার গঠন হওয়ার আগে বা ভোটের আগে ক্রীড়াবিষয়ক যে সংস্কারসূচি প্রকাশ করা হয়েছিল, সে বিষয়ে তিনি এবং তাঁর সরকার যথেষ্ট অবগত আছেন। তাই আগামী দিনে বাংলায় স্পোর্টস ইউনিভার্সিটি গঠিত হওয়া থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রের সমস্ত দিকে নজর দেওয়া হবে।
– বিজ্ঞাপন –

শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল নয়, ক্রীড়া ক্ষেত্রের অন্যান্য বিভাগেও যেমন অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার-সহ বিভিন্ন বিষয়ে উন্নতির জন্য সমপরিমাণ নজর দেওয়া হবে বলে ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। বাংলার ফুটবল, ক্রিকেটে বাঙালি খেলোয়াড়দের বেশি করে অন্তর্ভুক্তির বিষয়েও তিনি আলোকপাত করেন।
ক্রীড়ামন্ত্রী বলেন, তবে সবার আগে সব রকম ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতির দিকে নজর দেওয়া হবে। বাংলার যে সব কৃতী খেলোয়াড় অর্জুন বা সমতুল্য সম্মানে সম্মানিত হয়েছেন, তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি।
ছবি ও প্রতিবেদন: সঞ্জয় হাজরা
