ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় দেখা যাবে, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হয়েছে। বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে Zee Entertainment Enterprises। এই উপলক্ষে ‘ইউনাইট৮ স্পোর্টস’ নামে চারটি নতুন ক্রীড়া চ্যানেল চালু করতে চলেছে সংস্থাটি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5-এও সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে United States, Canada এবং Mexico। সময়ের পার্থক্যের কারণে ভারতের দর্শকদের অধিকাংশ ম্যাচই গভীর রাতে দেখতে হবে।

বিশ্বকাপ সম্প্রচারের জন্য ‘ইউনাইট৮ স্পোর্টস’ চারটি পৃথক ভাষার চ্যানেল আনছে। ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালম ভাষায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

অন্যদিকে ডিজিটাল দর্শকদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যানও ঘোষণা করেছে জি। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘জি৫’-এ বিশ্বকাপ দেখার জন্য ৩ মাসের বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য রাখা হয়েছে ৭৯৯ টাকা। এই প্ল্যানে বিশ্বকাপের পাশাপাশি অন্যান্য ক্রীড়া অনুষ্ঠান, সিনেমা, ওয়েব সিরিজ এবং বিনোদনমূলক কনটেন্টও দেখা যাবে। একটি অ্যাকাউন্ট একসঙ্গে তিনটি ডিভাইসে ব্যবহার করা যাবে। তবে এই প্ল্যানে বিজ্ঞাপন থাকবে।

এছাড়াও বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৯৯ টাকা।

তবে প্ল্যানের মূল্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক ফুটবলপ্রেমী। তাঁদের একাংশের দাবি, বিশ্বকাপের মেয়াদ প্রায় ৪০ দিন। সেক্ষেত্রে শুধুমাত্র বিশ্বকাপ দেখার জন্য আলাদা এবং তুলনামূলক কম দামের কোনও প্ল্যান আনা উচিত ছিল। ৭৯৯ টাকার সাবস্ক্রিপশন অনেকের কাছেই বেশি বলে মনে হচ্ছে।

বর্তমানে প্লে-স্টোর থেকে ‘জি৫’ অ্যাপ ডাউনলোড করলেই বিশ্বকাপ সংক্রান্ত সাবস্ক্রিপশন প্ল্যান দেখা যাচ্ছে। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে সংস্থা নতুন কোনও বিশেষ প্যাকেজ আনে কি না, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার মাঠের উত্তেজনার পাশাপাশি সম্প্রচার এবং সাবস্ক্রিপশন ঘিরেও আগ্রহ তুঙ্গে ফুটবল মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *