ছবির উৎস, CHOWDHURY HASAN MAHMUD , GOPALGANJ
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচিতে আজও কার্যত অচল হয়ে রয়েছে গোপালগঞ্জ।
জেলাটিতে গত কয়েকদিনের সহিংস বিক্ষোভ, থানা এবং একাধিক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গোপালগঞ্জ।
সংঘাতময় পরিস্থিতির কারণে কয়েকদিন ধরেই সেখানে স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা চলছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে জেলার লঞ্চঘাট এলাকায় অনেককে পিকেটিং করতে দেখা গেছে।
বেলা সাড়ে ১১টার দিকে ‘লকডাউন’ সমর্থনে হাতে লাঠিসোটাসহ নানা দেশীয় অস্ত্র হাতে অনেক নারী-পুরুষ সড়কে নেমে এসে মিছিল করেন।
সকাল থেকে এলাকার কোনো দোকানপাট খোলেনি।
দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের
গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
তবে, বিজিবির চারটি গাড়িকে একবার টহল দিতে দেখা গেছে।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান হিসেবে পরিচিত গোপালগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গোপালগঞ্জে আগের দুই দিনের সহিংসতার পর টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে, যেখানে পুলিশ প্রশাসন অনেকটাই ভেঙ্গে পড়েছে।
এর মধ্যে টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের এলাকা ছাড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বলা হয়েছে, হামলার আশঙ্কায় অধিকাংশ পুলিশ সদস্য থানা ছেড়ে জেলা পুলিশ লাইন্সে চলে গেছেন।
ছবির উৎস, CHOWDHURY HASAN MAHMUD , GOPALGANJ
