কলকাতা: বর্ষার বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। তার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবারের মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।
– বিজ্ঞাপন –
পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখাটিও সক্রিয় রয়েছে। রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিঘা পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরেই দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে প্রায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা
নিম্নচাপ তৈরির সম্ভাবনার কারণে ফের উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এরপর উত্তরবঙ্গে বড় কোনও আবহাওয়া সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
এদিকে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম।
