ছবির উৎস, Getty Images
-
- Author, সারিন হাবেশিয়ান এবং ক্রিস্টাল হেইস
- Role, লস অ্যাঞ্জেলেস
-
Published
-
পড়ার সময়: ২ মিনিট
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সমালোচনার জবাব দিয়েছেন। তিনি নিজ দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ দেখতে যাননি।
তার বদলে তিনি যুক্তরাষ্ট্রের একটি ম্যাচ দেখতে যান, যেখানে তার প্রেমিকা পপ সুপারস্টার কেটি পেরি পারফর্ম করেছেন – আর তা নিয়েই শুরু হয়েছে বিস্তর সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে কানাডার পতাকার ইমোজি যুক্ত করে তিনি লেখেন, “মাঝে মাঝে আপনাকে সাপোর্টিভ প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়। তবে, আপনারা জানেন কাপ জেতার জন্য আমি কাকে সমর্থন করছি।”
টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্বোধনী ম্যাচগুলোর খেলা চলে।
স্টেডিয়ামে থাকা ক্যামেরাগুলোর ফুটেজে দেখা যায়, পেরি মঞ্চ থেকে ছুটে এসে কানাডার সাবেক প্রধানমন্ত্রীকে চুম্বন করে অভ্যর্থনা জানাচ্ছেন।
পুরো ম্যাচ জুড়ে টেলিভিশনের বিভিন্ন ক্লিপে এ জুটিকে গ্যালারিতে বসে বিয়ার পান করতে ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
বিষয়টি নিয়ে অনলাইনে অনেক কানাডিয়ান নাগরিক বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন।
টরন্টো থেকে এক্স (সাবেক টুইটার) এর এক ব্যবহারকারী একে “দেশের মুখে চপেটাঘাত” বলে আখ্যায়িত করেছেন।
ছবির উৎস, Getty Images
তিনি আরও লেখেন, “এটি কতটা কুরুচিপূর্ণ তা বলে বোঝানো যাবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপগুলো ভাইরাল হতে শুরু করলে অন্যরাও ট্রুডোকে “বিশ্বাসঘাতক” এবং “প্রতারক” বলে আখ্যা দেন।
কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি মিস করেছেন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটায় (গ্রিনিচ মান সময় রাত নয়টা) দুই দলের এই খেলা শুরু হয়েছিল।
কানাডার ম্যাচটি ছেড়ে ট্রুডো লস অ্যাঞ্জেলেসে বসে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর ম্যাচটি দেখেছেন।
যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ের ম্যাচটি এবং বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ একই সময়ে, অর্থাৎ স্থানীয় সময় রাত নয়টাতেই শুরু হয়েছিল।
পেরি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রথম গেমের উদ্বোধনে সাহায্য করেন। সেখানে তিনি তার ২০২৪ সালের অ্যালবাম ‘১৪৩’ থেকে অপেক্ষাকৃত কম পরিচিত গান ‘ওয়ান্ডার’ পরিবেশন করেন।
ছবির উৎস, Instagram/@katyperry
ক্যালিফোর্নিয়া গার্লস এবং টিনএজ ড্রিম থেকে শুরু করে ফায়ারওয়ার্ক এবং ইটি – তার দীর্ঘ হিট গানের তালিকা থেকে কোনো গান পরিবেশন না করার সিদ্ধান্তের কথা তিনি আগেই জানিয়েছিলেন।
পারফর্ম্যান্সের আগে পিপল ম্যাগাজিনকে পেরি বলেন, “তিনি অপেক্ষাকৃত অজানা এই ধীর লয়ের গানটি বেছে নিয়েছেন, কারণ “যে অনুষ্ঠানে গানটি গাওয়ার সুযোগ আমি পেয়েছি, তার জন্য এটি খুবই মানানসই।”
৫৩ বছর বয়সী কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ৪১ বছর বয়সী সঙ্গীত শিল্পী কেটি পেরিকে ২০২৫ সালের জুলাই থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যাচ্ছে।
ওই বছরের ডিসেম্বরে ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন।
এর আগে টিভি উপস্থাপক সোফি গ্রেগোয়ারের সাথে ১৮ বছরের দাম্পত্য জীবন কাটান ট্রুডো।
তবে ২০২৩ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
তাদের তিন সন্তান রয়েছে।
অন্যদিকে, পেরি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ইংলিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের সাথে সংসার করেন।
