ফেব্রুয়ারির শেষে ইরানের ওপর আচমকা হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। তার জেরে আজ গোটা পশ্চিম এশিয়ায় শুরু হয়েছে অস্থিরতা। এর জেরে সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর। রাষ্ট্রসংঘর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমীক্ষা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ পরিস্থিতিতে ভারতের প্রায় ২৫ লাখ মানুষ চরম দারিদ্র্যর কোপে পড়তে পারে। রাষ্ট্রসংঘর রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধর জেরে বিশ্ব জুড়ে ৮৮ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকলেও ভারতীয়দের ওপর যুদ্ধর প্রভাব হবে সুদূরপ্রসারী।
কারণ হিসাবে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, জ্বালানির দাম বাড়া, অপরিশোধিত জ্বালানি ভারতে আনার খরচখরচা বাড়া, জিনিসপত্রর উৎপাদনের খরচা বাড়া, আমদানি নির্ভর অর্থনীতির ওপর বাড়তি চাপের জেরে আম জনতার দৈনন্দিন সংসার চালানোর খরচ বাড়বে। মানুষ খরচ চালাতে বাজেটে কাটছাঁট করবে। নেতিবাচক প্রভাব পড়বে জীবনযাত্রার মানে।
ভারতে বর্তমান দারিদ্র্যর হার ২৩.৯%, তা বেড়ে হতে পারে ২৪.২%। এখনই যুদ্ধ না থামলে শুধু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে হবে ২.৯৯ লাখ কোটি মার্কিন ডলার। ভারতে ৪ লাখ থেকে বেড়ে ২৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নীচে নেমে যেতে পারে।
