সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এ বড়সড় প্রশাসনিক রদবদল করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বোর্ডের চেয়ারম্যান রাহুল সিংহ এবং সচিব হিমাংশু গুপ্তকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা, খাতা দেখার প্রযুক্তি এবং তৃতীয় পক্ষের সংস্থা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এস রাধা চৌহান। তিনি বর্তমানে ‘ক্যাপাসিটি বিল্ডিং কমিশন’-এর চেয়ারপার্সন। তদন্তের প্রয়োজনে তিনি অন্য সরকারি দফতর বা সিবিএসই-এর আধিকারিকদের সহায়তাও নিতে পারবেন।

সূত্রের খবর, ওএসএম (On-Screen Marking) পদ্ধতিতে খাতা মূল্যায়নের প্রযুক্তিগত কাঠামো এবং তৃতীয় পক্ষকে কোন নিয়মে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে Department of Personnel and Training-এর কাছে।

এদিকে দীর্ঘ প্রযুক্তিগত সমস্যার পর মঙ্গলবার সিবিএসই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পূর্ণমূল্যায়নের আবেদন পোর্টাল চালু করা হয়েছে। বোর্ডের দাবি, মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত প্রায় ১৬ হাজার আবেদন জমা পড়েছে।

তবে একইসঙ্গে সাইবার হামলার অভিযোগও তুলেছে সিবিএসই। বোর্ডের দাবি, পোর্টালটিকে লক্ষ্য করে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’ (DoS) আক্রমণ চালানো হয়েছে। মাত্র দুই মিনিটের মধ্যে প্রায় ১৫ লক্ষ ভুয়ো ট্রাফিক পাঠানো হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও সিস্টেমের অভ্যন্তরীণ ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য এক লক্ষেরও বেশি প্রচেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেছে বোর্ড।

দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের পর থেকেই ডিজিটাল মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বহু পরীক্ষার্থী। খাতা মূল্যায়ন, নম্বর আপলোড এবং ডিজিটাল প্রতিলিপি প্রকাশে অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বোর্ডের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার শিক্ষা, নারী, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দুই পরীক্ষার্থীকে ডাকা হয়। তাঁরাই প্রথম অভিযোগ করেছিলেন যে সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন পোর্টাল যথেষ্ট সুরক্ষিত নয় এবং দরপত্র প্রক্রিয়াতেও অনিয়ম থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, এই তদন্ত এবং শীর্ষস্তরের বদলি সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় সরকার, তারই ইঙ্গিত বহন করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *