কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরল না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন সিজেপি-র প্রতিনিধিরা। বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি-সহ একাধিক বিষয় কেন্দ্রের সামনে তুলে ধরা হয়েছে।
সিজেপি-র প্রতিনিধিদলে ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকে তাঁরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পেশ করেন। যদিও সেই দাবিগুলির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
– বিজ্ঞাপন –
বৈঠক শেষে সিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সেই কারণে শনিবার আরও এক দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
তবে সিজেপি স্পষ্ট করে দিয়েছে, যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করা না হয়, তাহলে তারা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। সংগঠনের দাবি, নিট-সহ শিক্ষা সংক্রান্ত বিতর্কে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এখন নজর শনিবারের সম্ভাব্য বৈঠকের দিকে। কেন্দ্র কী সিদ্ধান্ত জানায় এবং সিজেপি পরবর্তী কর্মসূচি কী ঘোষণা করে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
