রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। LPG সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে ই-কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের গ্রাহকদের ১৬ অগস্টের মধ্যে আধারভিত্তিক ফেস আইডি যাচাই সম্পূর্ণ করার কথা ছিল। তবে সেই সময়সীমা আরও কয়েক দিন বাড়ানো হয়েছে বলে গ্যাস ডিলারদের কাছে নির্দেশ পৌঁছেছে।

সূত্রের খবর, এবার ২৩ অগস্ট পর্যন্ত ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা। ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাসও জানিয়েছেন, তাঁদের কাছে ২৩ অগস্ট পর্যন্ত সময় বাড়ানোর নির্দেশ এসেছে। যদিও এখনও পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনও পৃথক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

– বিজ্ঞাপন –

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বাদ দিয়ে বাকি LPG গ্রাহকদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। ই-কেওয়াইসি না করলে ভবিষ্যতে রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত টাকা দিতে হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। তবে অতিরিক্ত কত টাকা দিতে হবে, তা এখনও স্পষ্ট করেনি সরকার।

১৬ অগস্টের সময়সীমা ঘিরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ ১৫ ও ১৬ অগস্ট ছুটি থাকায় অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি করাতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন। সেই পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর খবর স্বস্তি দিয়েছে গ্রাহকদের।

কী ভাবে করবেন ই-কেওয়াইসি?

ই-কেওয়াইসি অনলাইন এবং অফলাইন—দুই ভাবেই করা যাবে। অনলাইনে করতে হলে গ্রাহককে নিজের LPG সংস্থার নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। আধারভিত্তিক ফেস আইডি যাচাইয়ের জন্য ‘AadhaarFaceRD’ অ্যাপও প্রয়োজন হতে পারে।

গ্যাস সংস্থার অ্যাপের মাধ্যমে আধারভিত্তিক পরিচয় যাচাই করে ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যাবে। তবে অনলাইনে এই প্রক্রিয়ায় স্বচ্ছন্দ নন এমন গ্রাহকেরা সরাসরি নিজেদের গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে কেওয়াইসি করতে পারবেন। সেক্ষেত্রে সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

২৩ অগস্টের মধ্যে কাজ সেরে নেওয়ার পরামর্শ

ই-কেওয়াইসির সময়সীমা বাড়লেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ছুটির দিন ও ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড়ের কথা মাথায় রেখে গ্রাহকেরা আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *