ভবানীপুর: ২ (সাহিল হরিজন, রবি হাঁসদা) মোহনবাগান: ১ (বিভানজ্যোতি লস্কর)
খবর অনলাইন ডেস্ক: কলকাতা লিগে মোহনবাগানের খারাপ সময় কাটছেই না। কাস্টমসের কাছে হারের পর এ বার ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন। টানা দুই ম্যাচ হেরে চাপ আরও বাড়ল তাদের। অন্য দিকে, মোহনবাগানকে হারিয়ে লিগের শীর্ষে উঠে এল ভবানীপুর।
– বিজ্ঞাপন –
শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় ভবানীপুর। তাদের আক্রমণ ভাগের সাহিল হরিজন ও জিতেন মুর্মু একের পর এক আক্রমণ তৈরি করেন। ১২ মিনিটে জিতেনের দূরপাল্লার শট বাঁচান মোহনবাগানের গোলকিপার দীপ্রভাত ঘোষ। ১৯ মিনিটে মোহনবাগান গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ৩৪ মিনিটে কিয়ান নাসিরির শট পোস্টে লাগে।

ম্যাচের একটি মুহূর্ত।
বিরতির পরও ভবানীপুরের দাপট অব্যাহত থাকে। ৭০ মিনিটে দীপ্রভাতের ভুলে অল্পের জন্য গোল হজমের হাত থেকে বাঁচে মোহনবাগান। শেষ পর্যন্ত ৮০ মিনিটে সাহিল দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভবানীপুরকে এগিয়ে দেন।
তবে ছয় মিনিটের মধ্যেই সমতা ফেরায় মোহনবাগান। বিভানজ্যোতি লস্করের গোলে ম্যাচে ফিরে আসে তারা। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি সবুজ-মেরুন। ৮৮ মিনিটে রবি হাঁসদার দূরপাল্লার শটে জয় নিশ্চিত করে ভবানীপুর।
বিজ্ঞাপন
ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে ভবানীপুরের পয়েন্ট ১৬। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইস্টবেঙ্গল। মোহনবাগান ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
ছবি: সঞ্জয় হাজরা
