কলকাতা বইমেলার থিম হতে চলেছে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষপূর্তি। সোমবার বইমেলার আয়োজকদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ফলে আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘বন্দে মাতরম্’-এর দেড়শো বছর পূর্তিই বিশেষ গুরুত্ব পেতে চলেছে।
আগামী বছর বসছে ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। পিটিআই সূত্রে খবর ঐতিহ্যবাহী এই বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষে ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
– বিজ্ঞাপন –
থিম কান্ট্রি হতে পারে ইজরায়েল
আগামী কলকাতা বইমেলার থিম কান্ট্রি হিসেবে ইজরায়েলকে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছেন আয়োজকরা। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। ইজরায়েলকে থিম কান্ট্রি করা হলে বইমেলায় সে দেশের সাহিত্য, সংস্কৃতি, অনুবাদ এবং লেখকদের নিয়ে বিশেষ আয়োজনের সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে দু’টি বড় মাইলফলক
২০২৭ সালের বইমেলা আয়োজকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পা দেবে ৫০তম সংস্করণে, অন্যদিকে ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদ ও সাহিত্য-সংস্কৃতির এই ঐতিহাসিক গানকে ঘিরে নানা কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফলে আগামী বছরের কলকাতা বইমেলা শুধু বই ও সাহিত্যের উৎসব নয়, ঐতিহাসিক দুই মাইলফলককে সামনে রেখে আরও বিশেষ মাত্রা পেতে চলেছে।
