খবর অনলাইন ডেস্ক: রাজধানী দিল্লিই হোক, বা কলকাতা, দীপাবলির রাতে বাতাসের গুণমান সূচক ৪০০-এর কম কোথাও ছিল না। শুধু দিল্লি-কলকাতা কেন, গোটা দেশের প্রায় একই অবস্থা। আলো, প্রদীপ ও আতশবাজির উৎসবে যখন গোটা দেশ দীপাবলি উদ্যাপনে মেতে উঠেছিল, তখন দেশের বিভিন্ন প্রান্তে বায়ুদূষণ ও বাতাসের গুণমান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। দীপাবলিতে বহু মানুষ বাজি ও আতশবাজি ফাটিয়ে উৎসব পালন করলেও, মিজোরামের আইজলে ছিল সম্পূর্ণ ভিন্ন ছবি। দীপাবলির পরেও সেখানকার বাতাসের গুণমান ছিল বেশ ভালো। শহরের পরিষ্কার আকাশের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে সেই বিষয়টিই তুলে ধরেছেন ক্যালেব নামে এক বিদেশি নাগরিক।
নিজের পোস্টে ক্যালেব জানিয়েছেন, দীপাবলির পর আইজলের বায়ুর গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৫৬। উৎসবের পরেও শহরের বাতাস যে তুলনামূলকভাবে পরিষ্কার ছিল, তাঁর দেওয়া এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) নির্ধারিত মাপকাঠি অনুযায়ী, একিউআই যদি ০-৫০ থাকে, তা হলে সেটি ভাল। ৫১-১০০ হলে সন্তোষজনক। শুধু তা-ই নয়, দীপাবলির আগের রাতে ক্যালেব একবারের জন্যও বাজি বা আতশবাজির শব্দ শুনতে পাননি বলেও জানিয়েছেন। ফলে তাঁর পরিবারের সদস্যরা কোনও ধরনের শব্দদূষণের মধ্যে না থেকেই শান্তিতে রাত কাটাতে পেরেছেন।
– বিজ্ঞাপন –
ক্যালেব জানিয়েছেন, তাঁর স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের দুই পোষ্য কুকুর নিশ্চিন্তে ঘুমিয়েছে। সারা রাত বাজির শব্দ না থাকায় তাঁদের ঘুমে কোনও ব্যাঘাত ঘটেনি। এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি মজার ছলে লিখেছেন, তাঁদের ফুসফুসও বেশ খুশি।
দীপাবলির মতো উৎসবে আতশবাজি ফাটানো নিয়ে যখন দেশের বিভিন্ন জায়গায় বিতর্ক ও পরিবেশদূষণের প্রশ্ন ওঠে, তখন ক্যালেবের এই অভিজ্ঞতা নতুন করে নজর কেড়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে, উৎসবের আনন্দ বজায় রেখেও কী ভাবে শব্দদূষণ ও বায়ুদূষণ এড়িয়ে চলা সম্ভব।
পোস্টে যাঁরা তাঁর বক্তব্যের সঙ্গে একমত হবেন না, তাঁদের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন ক্যালেব। তিনি জানিয়েছেন, তাঁর পোস্ট দেখে কেউ রেগে গেলেও তাঁর কিছু বলার নেই। তবে তিনি চান, প্রত্যেকের পরিবার যেন পরিষ্কার বাতাস পায় এবং সুস্থ ফুসফুস নিয়ে জীবন কাটাতে পারে। তাঁর কথায়, প্রত্যেকেরই স্বচ্ছন্দে শ্বাস নেওয়ার অধিকার রয়েছে।
সমাজমাধ্যমে ক্যালেবের পোস্ট ঘিরে প্রতিক্রিয়া
ক্যালেবের পোস্টটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে একাধিক ব্যবহারকারী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আইজলের পরিবেশ ও পরিষ্কার আকাশের প্রশংসা করেছেন অনেকেই।
বিজ্ঞাপন
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “সেখানে জীবনটা বেশ ভালো।”
অন্য এক ব্যবহারকারী ছবিটি দেখে লিখেছেন, “বাহ! দারুণ দৃশ্য।”
তৃতীয় এক ব্যক্তি ক্যালেবের বসবাসের জায়গার প্রশংসা করে লিখেছেন, “আপনি এমন মানুষের মধ্যে বাস করেন, যাঁদের যথেষ্ট বুদ্ধি ও বিবেচনাবোধ রয়েছে।”
আর এক ব্যবহারকারী আক্ষেপের সুরে লিখেছেন, “ইশ! যদি গোটা ভারতেই এমনটা হত!”
সব মিলিয়ে, দীপাবলির পরেও মিজোরামের আইজলে বাতাসের তুলনামূলক স্বচ্ছতা এবং বাজির শব্দহীন রাতের অভিজ্ঞতা সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ক্যালেবের এই পোস্টের মাধ্যমে আবারও সামনে এসেছে পরিবেশবান্ধব উৎসব উদ্যাপন এবং দূষণমুক্ত পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকার গুরুত্ব।
