ইস্টবেঙ্গল এফসি: ২ (ইউসেফ এজ্জেজারি, নন্দকুমার সেকর)

মুম্বই সিটি এফসি:১ (ব্র্যান্ডন ফার্নান্ডেজে)

খবরঅনলাইন ডেস্ক: মুম্বই ফুটবল এরিনায় নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে অস্কার ব্রুজোর দল।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মুম্বই

প্রথমার্ধে পুরোপুরি দাপট দেখায় মুম্বই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। মাত্র ৮ মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়েও যায়। এর পর একাধিক সহজ সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় মুম্বই। চ্যাংতে ও বিক্রমের মিসে বড়ো ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়।

ম্যাচের একটি মুহূর্ত। ছবি www.mumbaicityfc.com থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে জয় লাল-হলুদের

প্রথমার্ধে রক্ষণাত্মক এবং কিছুটা নিষ্প্রভ ইস্টবেঙ্গল বিরতির পর একেবারে অন্য রূপে ধরা দেয়। কোচ ব্রুজোর কৌশলগত পরিবর্তন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মিগুয়েল ফিগুয়েরা, ইউসেফ এজ্জেজারি ও সৌভিককে নামানোর সিদ্ধান্ত কার্যকর হয়।

৫৮ মিনিটে মিগুয়েলকে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পট কিক থেকে নিখুঁত শটে সমতা ফেরান এজ্জেজারি। এর পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় লাল-হলুদ।

৭১ মিনিটে ম্যাচের সেরা মুহূর্তটি আসে নন্দকুমারের পায়ে। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে এসে বক্সের বাইরে থেকে জোরালো শটে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

মুম্বইয়ের ব্যর্থ চেষ্টা

শেষ দিকে মুম্বই সমতা ফেরানোর চেষ্টা করলেও প্রভসুখন গিলের দৃঢ় গোলকিপিংয়ে তা সফল হয়নি। একবার চ্যাংতের গোল অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধে মুম্বইয়ের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনই ম্যাচের ফারাক গড়ে দেয়। এই জয়ের ফলে খেতাবের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখল ইস্টবেঙ্গল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *