অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। Directorate of Registration and Stamp Revenue বিভাগের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত গ্রুপ-ডি ক্যাটেগরির শূন্যপদ পূরণের উদ্দেশ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যাঁরা অবসর গ্রহণের সময় পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-সি অথবা গ্রুপ-ডি পদে কর্মরত ছিলেন, তাঁরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের বয়সসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগামী ১ জুন, ২০২৬ অনুযায়ী কোনও আবেদনকারীর বয়স সাড়ে ৬৪ বছরের বেশি হওয়া চলবে না। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজন ও কর্মদক্ষতার ভিত্তিতে এই সময়সীমা বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।

চুক্তির শর্ত অনুযায়ী, এক মাসের নোটিসে অথবা ৬ মাসের মেয়াদ শেষ হলে নিয়োগ বাতিল করা যেতে পারে। নির্বাচিত কর্মীদের প্রতি মাসে নির্দিষ্ট ৮ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। গ্রুপ-ডি কর্মীদের সাধারণ দায়িত্ব ও কর্তব্যই তাঁদের পালন করতে হবে।

দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্বাচিত কর্মীদের ডিরেক্টরেটের প্রধান কার্যালয় বা এর অধীনস্থ বিভিন্ন অফিসে পোস্টিং দেওয়া হতে পারে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ জুন, ২০২৬ বিকেল ৪টে পর্যন্ত। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের একটি নির্দিষ্ট সিলেকশন কমিটির মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ করা হবে।

অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *