প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে রয়েছে তিন সন্তান। কনিষ্ঠতম সন্তান জন্মের পাঁচ মাস পরেই প্রথম স্ত্রীকে ডিভোর্স। বিবাহবিচ্ছেদের মাসদুয়েকের মধ্যেই দ্বিতীয় নিকাহ। প্রাক্তন পাক স্পিনার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে এসব অভিযোগ ছিলই। এবার ইমাদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর প্রথম স্ত্রী সানিয়া আশফাক। তারকা ক্রিকেটারকে সাফ ‘খুনি’ তকমা দিয়ে দিলেন তিনি।
দিনকয়েক আগে দ্বিতীয় নিকাহ সেরেছেন ইমাদ। তারপরেই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন সানিয়া। ভিডিও বার্তায় বলেন, “২০২৩ সালের ডিসেম্বরে আমার গর্ভপাত হয়। ইমাদ জোর করে আমার গর্ভের সন্তানকে খুন করেছে। ও একজন খুনি, আমার কাছে তার প্রমাণস্বরূপ ভিডিও রয়েছে। ইমাদ দিনের পর দিন আমাকে ঠকিয়েছে।” সানিয়ার কথায়, জোর করে গর্ভপাতের পর তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন। কিন্তু তখনও ইমাদ জোর করে তাঁকে চুপ করিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন:
ভিডিওতে সানিয়া আরও বলেছেন, “এখন অনেক সাহস সংগ্রহ করে এই ভিডিও বানাচ্ছি। কারণ আমার তিন সন্তানের জন্য সুবিচার চাই।” তিন সন্তানের মা সানিয়ার আবেদন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি যেন ইমাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। সানিয়া বলছেন, “আমি প্রতিশোধ চাই না। স্রেফ সম্মানটুকু চাই।” আসন্ন পিএসএলে ইমাদকে ২.২ কোটি পাকিস্তানি টাকায় কিনেছে ইসলামাবাদ ইউনাইটেড। সেই দলকে বয়কট করার ডাকও দিয়েছেন সানিয়া। তবে কোনও তরফ থেকেই ইতিবাচক সাড়া পাননি এখনও পর্যন্ত।
ইমাদের দ্বিতীয় নিকাহর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তুলোধোনা করেছিলেন সানিয়া। প্রসঙ্গত, গত বছর জুলাই মাস নাগাদ জানা যায়, সুন্দরী ইনফ্লুয়েন্সারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পাক তারকা। তৃতীয় সন্তান কোলে আসার পরেই পরকীয়ায় জড়ান ইমাদ। শোনা যায়, ডিভোর্সের আগে থেকেই সুন্দরী ইনফ্লুয়েন্সার নাইলা রাজার সঙ্গে থাকতেন ইমাদ। তারপর একপ্রকার জোর করেই পাক স্পিনার বিবাহবিচ্ছেদ দাবি করেন বলেই খবর। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাসদুয়েকের মধ্যেই ফের বিয়ে সেরেছেন ইমাদ। স্পষ্ট বলেছেন, সানিয়ার সঙ্গে প্রথম বিয়েটা তাঁর জীবনের অত্যন্ত যন্ত্রণার অধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
