SIR hearing in Bengal: দাদুর তাম্রপত্রকে মূল প্রমাণ হিসেবে তুলে ধরে জেলা নির্বাচন দফতরে শুনানিতে হাজির হলেন সিউড়ির ১ নম্বর ব্লকের কড়িধ্যা পঞ্চায়েত এলাকার সেন পরিবারের চার সদস্য। নাগরিকত্ব ও বংশপরিচয় সংক্রান্ত জটিলতা মেটাতেই এদিন শুনানিতে অংশ নেন তারা। পরিবারের দাবি, স্বাধীনতার পর দেশভাগের সময় তাদের দাদু ভারতেই থেকে যান এবং তৎকালীন সরকার থেকে তাম্রপত্র পান। সেই তাম্রপত্রের ভিত্তিতেই তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেন। দাদু ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিলেন এবং নিয়মিত ভোট দিয়েছেন বলেও পরিবারের বক্তব্য। তবে দাদুর মৃত্যুর পর বিভিন্ন সরকারি নথিতে নাম ও পরিচয় সংক্রান্ত গরমিল দেখা দেওয়ায় সমস্যার সূত্রপাত হয়। এদিন শুনানিতে তাম্রপত্রের পাশাপাশি ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়। শুনানি শেষে পরিবারের সদস্যরা জানান, কর্তৃপক্ষ সব নথি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাদের আশা, তাম্রপত্রসহ জমা দেওয়া প্রমাণের ভিত্তিতে দ্রুত এই জটিলতার নিষ্পত্তি হবে।
