Purulia: বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে দেখা গেলো শ্লথ ভল্লুকের ছবি। পুরো দস্তুর কালো লোমশ শ্লথ ভল্লুকের ভিডিও ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায়। প্রায় তিন বছর আগে কোটশিলা বনাঞ্চলে ভল্লুকের উপস্থিতির টের পায় বন বিভাগ। একাধিক জায়গায় উদ্ধার হয় ভল্লুকের পায়ের ছাপ । এবার সেই ভল্লুকের উপস্থিতিতে শিলমোহর দিল বন দপ্তর । একটি বা দুটি নয় চার থেকে পাঁচটি ভল্লুক রয়েছে ওই এলাকায় বলে দাবি বন দপ্তরের। পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিল সংস্থার যৌথ প্রকল্পে বন্যপ্রাণ উপস্থিতি নিয়ে পুরুলিয়ার একাধিক বনাঞ্চলে পাতা হয়েছে ট্র্যাপ ক্যামেরায় । কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে পাতা ক্যামেরায় পূর্ণবয়স্ক ভল্লুকের ছবি ধরা পড়ে। এর আগেও একই জঙ্গলে ধরা পড়ে চিতাবাঘের ছবি, বন বিড়াল, হানি বেজার, প্যাঙ্গোলিন, বন ময়ূর সহ একাধিক বনপ্রানের ছবি। বন দপ্তর এবং হিল সংস্থার কর্তৃপক্ষের দাবি, পুরুলিয়ার বিভিন্ন জঙ্গল বন্যপ্রাণীর উপযুক্ত স্থান হিসেবে পরিণত। তাই বন্য জীবজন্তুর ঠিকানা হয়ে উঠেছে পুরুলিয়ার জঙ্গল গুলি।
