Naihati: নৈহাটিতে দেখা গেল কলকাতার রবিনসন ষ্ট্রীট কান্ডের ছায়া। একই বিছানায় কয়েক দিন ধরে স্ত্রীর দেহ আঁকড়ে দিন কাটাচ্ছে স্বামী ও ছেলে। এমনই নজীরবিহীন ঘটনা ঘটল নৈহাটী পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী রোড অঞ্চলে। বছর ৫৫-র তৃপ্তি নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করে পুলিস। মৃতার স্বামীও গুরুতরভাবে অসুস্থ গৌর নন্দী ও প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই বেশ কয়েকদিন ধরে মৃত তৃপ্তি নন্দীকে নিয়ে দিন কাটাচ্ছিল। প্রতিবেশিরা ঘুনাক্ষরেও টের পায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপর ঘরে ঢুকে দেখেন তার দিদির মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে, আর দুপাশে রয়েছে তৃপ্তি নন্দীর স্বামী ও পুত্র। এরপরই প্রতিবেশিদের জানালে তারা তৎক্ষণাৎ পুলিসে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিস। পুলিস এসে তৃপ্তি নন্দীর দেহ উদ্ধারের পাশাপাশি তার অসুস্থ স্বামী গৌর নন্দীকেও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় নৈহাটি থানার পুলিস।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তৃপ্তি নন্দী হয়তো সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান প্রতিবেশীদের।
