বিরা: বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ১৯ বছরের যুবক। কিন্তু সেই আড্ডাই যে তাঁর জীবনের শেষ আড্ডা হবে তা কে জানতো। মদের আসরে সামান্য বচসা থেকে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরা এলাকায়। মৃত যুবকের নাম মঙ্গল সাধক (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলের আদি বাড়ি নিউ ব্যারাকপুরের লেলিনগড় এ ব্লকে হলেও, ছোটবেলা থেকেই তিনি বিরায় তাঁর মামাবাড়িতে বড় হয়েছেন। কাজ করছিলেন একটি ব্যাগের কারখানায়। পরিবারের সদস্যরা বলছেন, ঘটনার আগে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মঙ্গল। আচমকা বিজয় ও ডুকু নামে তাঁর দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। 

বিরায় বসে মদের আসর। সেখানেই বন্ধুদের মধ্যে কোনও বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। তপ্ত পরিস্থিতির মাঝে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মঙ্গলকে। অভিযোগ, কেটে দেওয়া হয় গলার নলি। শেষে স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন। যদিও ততক্ষণে আর দেহে প্রাণ নেই মঙ্গলের। খবর পেয়ে বিরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তদের মধ্যে একজনকে ইতিমধ্য়েই আটক করেছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ঠিক কী কারণে এই খুন, নাকি এর পিছনে পুরনো কোনও শত্রুতা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহতের দাদা বাপন সাধক ক্ষোভ উগরে দিচ্ছেন মঙ্গলের বন্ধুদের বিরুদ্ধে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *