LPG Cylinder : ক্ষমতায় এলেই বিনামূল্যে দু’টি গ্যাস সিলিন্ডার, ভোট আবহে বড় প্রতিশ্রুতি!

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে উদ্বেগে ভারত। অন্যান্য দেশের মতো যুদ্ধের একটা প্রভাব তো ভারতেও পড়েছে। যেমন গ্যাসের দাম বেড়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে, সংকট তৈরি হয়েছে, তা একবারও বলেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু, পরিস্থিতি উদ্বেগজনক তা বারবার মেনে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বেগজনক পরিস্থিতিতে বিনামূল্যে দু’টি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিল অসম সরকার।

চলতি বছর দেশজুড়ে মোট ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট রয়েছে। সেই তালিকায় রয়েছে অসমও। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে পুনরায় সরকার গঠন করতে মরিয়া বিজেপি। কিন্তু তা বলে গ্যাসের সংকট পরিস্থিতিতে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি? ভোট যে বড় বালাই, তা আরও একবার প্রমাণ হল। সম্প্রতি, একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। সেখান থেকে তাঁকে বলতে শোনা যায়, অসমে ফের বিজেপি সরকার ক্ষমতায় এলে বছরে দু’টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, “সরকার জনগণকে বিনামূল্যে দুটি এলপিজি সিলিন্ডার দেবে। একটি বিহুর আগে এবং অন্যটি দুর্গাপুজোর আগে। এর জন্য আপনাদের কোনও টাকা দিতে হবে না। ‘মামা’ (মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে এই নামেও ডাকা হয়) দেবেন। এটা খুব ভালো হবে না?”

এদিকে, কেন্দ্র কর্তৃক জারি করা এলপিজি সিলিন্ডারের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOp) মেনে না চলার কারণে অসমের পাঁচ এলপিজি ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুখ্য সচিব এক বিবৃতিতে বলেন, “পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরিকল্পনা অনুসারে, তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে একযোগে রাজ্য ও জেলা উভয় স্তরেই এলপিজি সরবরাহের উপর কঠোর নজরদারি করা হচ্ছে। এই নজরদারির মধ্যেই নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে কিছু অনিয়ম কর্তৃপক্ষের নজরে এসেছে।” রাজ্য সরকার আরও জানিয়েছে যে, এলপিজি পর্যাপ্ পরিমাণে মজুত রয়েছে এবং গ্রাহকরা ১০০ শতাংশ বরাদ্দ পাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল অসমে নির্বাচন। হাতে আর বেশিদিন বাকি নেই। শেষবারের মতো প্রচারে ঝড় তুলছে সব দল। অসমে এককভাবে লড়াই করছে তৃণমূলও। মোট ২২টি আসনে প্রার্থী দিয়েছে টিএমসি। এক দফাতেই ভোট হবে অসমে। গণনা ৪ মে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *