Kultali: কুলতলির কোয়াবাটি এলাকায় পোলট্রি ফার্মে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন সুব্রত সরদার (৩৭)। স্থানীয় বাসিন্দা সুব্রতের নিজেরই ছিল এই পোলট্রি ফার্ম। শনিবার দুপুরে মুরগির খাবার দিতে ফার্মে যান তিনি। সেই সময় হঠাৎই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফিরতেই পরিবারে উদ্বেগ বাড়তে থাকে। খোঁজ করতে গিয়ে তাঁর স্ত্রী পোল্ট্রি ফার্মের ভেতরেই সুব্রতকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। স্থানীয়রা ছুটে এসে সুব্রতকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের অভিযোগ, পোলট্রি ফার্মে বিদ্যুতের তারের অবস্থার অবনতি নিয়ে মালিককে আগেও সতর্ক করা হয়েছিল। এই দুর্ঘটনা ফের গ্রামীণ এলাকায় নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনীয়তা সামনে এনে দিল।
