Iran-US Conflict : সৌদিতে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র, ভারতীয়র মৃত্যু? হাসপাতালে ছুটলেন দূতাবাসের কর্তা

রিয়াধ : পশ্চিম এশিয়ায় সংঘাতের বলি হয়েছেন এক ভারতীয়। গতকাল থেকে এমনই খবর ছড়িয়েছিল। সৌদি আরবের সিভিল ডিফেন্সের তরফেও সেরকমই বিবৃতি জারি করা হয়েছিল। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যে বিবৃতি সংশোধন করেছে সৌদি। সংশোধিত বিবৃতিতে জানানো হয়েছে মিসাইল হানায় দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে, ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয়। তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন দূতাবাসের আধিকারিক। এই নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত দশম দিনে পড়ল। কিন্তু, হামলার তেজ এতটুকুও কমায়নি ইরান বা ইজ়রায়েল কেউই। আরও বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে, রাজায় রাজায় যুদ্ধ হলে, উলু খাগরার প্রাণ তো যাবেই। সংঘাতের জেরে মৃত্যুমিছিল বাড়ছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজের সূত্রে বহু ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের নিরাপত্তার নিশ্চিত করতে ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে। তার মধ্যেও ভারতীয়দের আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। এর আগেও ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।

রবিবার সৌদি আরবের সিভিল ডিফেন্সের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল,”আল-খার্জ শহরের একটি আবাসিক এলাকায় মিসাইল হামলা করা হয়েছে। সেখানে রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোম্পানির কম্পাউন্ড ছিল। সেখানেই মিসাইল হামলায় দু’জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক, আরেকজন বাংলাদেশের নাগরিক। মিসাইল হামলায় প্রায় ১২ জন আহত হয়েছেন। আহতেরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। এই হামলায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করা হয়েছে।” তবে, মৃতদের নাম প্রকাশ্যে আনেনি সৌদি আরব।

তবে, কয়েকঘণ্টার মধ্যেই বিবৃতি সংশোধন করা হয়। জানানো হয় কোনও ভারতীয় মারা যাননি। মৃতদের মধ্যে দুজনই বাংলাদেশের নাগরিক। এরপরই ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এটাই ভাল খবর যে, কোনও ভারতীয়র মৃত্যু হয়নি সৌদি আরবে। তবে, আহত হয়েছেন একজন ভারতীয়। দূতাবাসের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন।

এদিকে, সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে নয়া দিল্লি। ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, উত্তপ্ত পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে। সৌদি আরবে যে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে, তা মেনে চলার পরমার্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, বেশ কয়েকটি বিমান সংস্থা পরিষেবা চালু রেখেছে। রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম এবং ভারতের একাধিক গন্তব্যের মধ্যে পরিষেবা চালিয়ে যাচ্ছে। ভারতে ফিরে আসতে ইচ্ছুক নাগরিকরা এই উড়ানগুলির মাধ্যমে দেশে ফিরে আসতে পারে।

শুধু সৌদি আরব নয়, পশ্চিম এশিয়ার একাধিক দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকার জারি করেছে নয়া দিল্লি। সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, হামলার ছবি তোলার জন্য বাইরে কেউ বেরোবেন না। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ বা হামলার ছবি পোস্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও সাইরেনের শব্দ শুনতে পেলে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই উপসাগরীয় প্রতিবেশী দেশগুলির উপর হামলার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, ইরানের উপর হামলা না করলে, তারাও আর কোনও প্রতিবেশী দেশে হামলা চালাবে না। যদিও, এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় তাঁর বয়ান। নিজের পোস্ট থেকে ক্ষমা শব্দটি উঠিয়ে দেন। সেখানে লেখেন, ইরানের উপর হামলা হলে, প্রত্যাঘাত হবেই। কূটনৈতিক মহল বলছে, দেশের অভ্যন্তরে চাপের মুখে পড়েই বয়ান বদলেছেন প্রেসিডেন্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *